নরসিংদী

আসামি ছিনিয়ে নিতে থানায় হামলা-ভাঙচুর দুর্বৃত্তদের

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৬ পিএম

নরসিংদীতে ডাকাতি মামলার আসামি ছিনিয়ে নেওয়ার লক্ষ্যে মাধবদী থানায় হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। তবে অভিযুক্তকে ছিনিয়ে নিতে পারেনি দুবৃত্বরা। খবর পেয়ে ডিবি পুলিশ ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হামলার কথা নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. কলিমুল্লাহ।

জানা যায়, গত কয়েকদিন আগে চট্রগ্রাম থেকে একটি তেল বোঝাই ট্রাক ময়মনসিংহ যাচ্ছিল। তেল বোঝাই ট্রাকটি ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী এলাকা থেকে ছিনতাই হয়। ওই ঘটনায় মালিক মাধবদী থানায় অভিযোগ করেন। এরই ভিত্তিতে মাধবদী টাটাপাড়া ৬নং ওয়ার্ডের পৌরসভার সদ্য সাবেক কমিশনার দেলোয়ার হোসেনের ছেলে তানভির হোসেনকে আটক করে মাধবদী থানা পুলিশ। এরই জের ধরে মাধবদী পৌরসভার সদ্য সাবেক কমিশনার দেলোয়ার হোসেন ও তার ছেলে তানভির হোসেনের সমর্থকরা মাধবদী থানায় হামলা চালায়। ওই সময় থানার জানালার গ্লাসসহ বেশ কিছু স্থানে ভাঙচুর চালায়। পরে ডিবি পুলিশ ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে থানা হাজতে থাকা অভিযুক্ত তানভিরকে ছাড়িয়ে নিতে পারেনি হামলাকারীরা। 

এ বিষয়ে জানতে মাধবদী পৌরসভার সদ্য সাবেক কমিশনার দেলোয়ার হোসেনের মোবাইল ফোনে কল করলেও তিনি রিসিভ করেনি।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আসামি ছিনিয়ে নেওয়ার জন্য কিছু দুষ্কৃতিকারী থানার গেইটে হামলা করেছিল। আমরা এলার্ট ছিলাম। তারা ভেতরে ঢুকতে পারেনি। এতে  আমাদের কোনো সদস্য আহত হননি।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. কলিমুল্লাহ বলেন, রবিবার রাতে ডাকাতি মামলা ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর আজ দুপুরে একটি মোটরসাইকেল আটক করা হয়েছে, আমরা ধারণা করছি, এই দুইটির একটি কারণে দুর্বৃত্তরা থানায় হামলা করেছে। হামলাকারীরা থানার দরজা ও কিছু জানালার গ্লাস ভাঙচুর করে।  

অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত