আওয়ামী লীগের ফিরে আসার চ্যাপ্টার ক্লোজ : ডা. শফিকুর

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০২:৩০ এএম

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, স্বৈরশাসকরা পালিয়ে গেলে আর ফিরে আসে না। আওয়ামী লীগ আত্মস্বীকৃত খুনি একটি দল, খুনের হুংকার তারা দিয়েই চলেছে। তাই আমরা বিনয়ের সঙ্গে বলতে চাই, আওয়ামী লীগের ফিরে আসার চ্যাপ্টার ক্লোজ। গতকাল সোমবার বিকেলে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আয়োজনে সরকারি বালক উচ্চবিদ্যালয় বড় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে সীমা লঙ্ঘন না করারও আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, ভারত যেন বাংলাদেশের অশান্তির কারণ না হয়। ১৯৭২ সাল থেকে জুলাই অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে সংঘঠিত সব অপরাধের, তদন্ত সাপেক্ষে শে^তপত্র প্রকাশ করতে হবে।

আওয়ামী লীগ সংখ্যালঘু সংখ্যালঘুর ধোঁয়া তুলে ফায়দা লুটে সংখ্যালঘুদের সর্বনাশ করে ইসলামপন্থিদের ওপর দায় চাপিয়েছে।

এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি মাওলানা আবদুল হালিম, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন, জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আবদুল হাকিম, জেলা জামায়েতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধানসহ জেলা ও উপজেলা জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত