যশস্বীকে ছাপিয়ে আয়ুশের বিশ্বরেকর্ড

আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ০৩:১৫ পিএম

ভারতে চলছে ওয়ানডে ফরম্যাটের সর্বোচ্চ ঘরোয়া ট্রফি বিজয় হাজারে। সেখানে মুম্বাইয়ে হয়ে খেলতে নেমে বিশ্বরেকর্ড করেছেন আয়ুশ মাত্রে। সবচেয়ে কম বয়সে লিস্ট ‘এ’ ক্রিকেটে দেড়শ প্লাস ইনিংস (ড্যাডি হানড্রেড) খেলেন তিনি। ভাঙে যশস্বী জয়সওয়ালের রেকর্ড।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নাগাল্যান্ডের বিপক্ষে ১৮১ রান করেন আয়ুশ। ১১ ছক্কা ও ১৫ চারে সাজানো ১১৭ বলের ইনিংসটি খেলার দিন তার বয়স ছিল ১৭ বছর ১৬৮ দিন। এতদিন কীর্তিটি ছিল যশস্বীর দখলে। ২০১৯ সালে ১৭ বছর ২৯১ দিন বয়সে মুম্বাইয়ের হয়েই ঝাড়খন্ডের বিপক্ষে ১৫৪ বলে ২০৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

আয়ুশের পেশাদার ক্রিকেটে পথচলার বয়স মাত্র তিন মাসের। গত অক্টোবরে প্রথম শ্রেণির টুর্নামেন্ট ইরানি কাপের ম্যাচ দিয়ে অভিষেক হয় তার। লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেক গত ২১ ডিসেম্বর। অভিষেকে ৭৮ রানের ইনিংসের পর এবার প্রায় দুশোই করে ফেলেছিলেন আয়ুশ। সেটি না হলেও বিশ্ব রেকর্ড করতে সক্ষম হয়েছেন ভারতের অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের এ ব্যাটসম্যান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত