আজ জাতীয় সমাজসেবা দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার।’ ২০১২ সালের ৪ জুন বাংলাদেশ সরকার ২ জানুয়ারিকে সমাজসেবা দিবস হিসেবে ঘোষণা দেয়। পৃথিবীতে কল্যাণ ও হিতকর একটি কাজ সেবা। সেবার বিভিন্ন খাত থাকলেও সমাজসেবা অন্যতম। মানবজীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই সমাজসেবা সীমাহীন গুরুত্বের দাবিদার। সাধারণত সমাজের সুবিধা বঞ্চিত নিম্নশ্রেণির মানুষের কল্যাণে গৃহীত সেবামূলক কার্যক্রমকে সমাজসেবা বলা হলেও আধুনিক ধারণামতে সমাজসেবা হচ্ছে- সমাজে মানুষের নিরাপত্তা ও মঙ্গলার্থে গৃহীত যাবতীয় কার্যক্রমের সমষ্টি।
ইসলামে সমাজসেবা কার্যক্রম কেবল মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং ইসলাম সব সৃষ্টির প্রতি দয়া ও কল্যাণ নিশ্চিত করার ঘোষণা দিয়েছে। এ হিসেবে সমাজসেবামূলক সব কার্যক্রম ইসলামে ইবাদত হিসেবে গণ্য। তবে এটি হতে হবে নিঃস্বার্থ সমাজসেবা। ইসলামে সমাজসেবার পরিধি অত্যন্ত ব্যাপক। যেমন রোগীর চিকিৎসা করা, দুর্যোগগ্রস্ত মানুষের সেবা, যতœ ও সাহায্য-সহযোগিতা করা, কর্মহীন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা, অনাহারী মানুষের আহার জোগানো, পিপাসার্ত মানুষের পিপাসা নিবারণ, বস্ত্রহীনকে বস্ত্র প্রদান, অসহায়, নিঃস্ব ও দরিদ্রদের আর্থিক সাহায্য-সহযোগিতা করা, আশ্রয়হীন মানুষের পুনর্বাসন, দারিদ্র্য বিমোচন, রাস্তাঘাট ও সেতু নির্মাণ, পরিবেশ উন্নয়ন ও বৃক্ষ রোপণ, সামাজিক ও রাষ্ট্রীয় বিশৃঙ্খলা ও সন্ত্রাস দূরীকরণ, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে শান্তি স্থাপন এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধান প্রভৃতি সমাজসেবার অন্তর্ভুক্ত।
সমাজসেবা হচ্ছে ইসলামি দাওয়াতের ভূমিকাস্বরূপ। হজরত রাসুল (সা.) সমাজসেবার মাধ্যমে আরবের জনমানুষের হৃদয় ও মন জয় করেছিলেন, যা নবুয়তপ্রাপ্তির পর দাওয়াতি কাজে সহায়ক ভূমিকা পালন করেছিল। তিনি ‘হিলফুল ফুজুল’ নামে কল্যাণ সংস্থা প্রতিষ্ঠিত করেছিলেন। নবী (সা.)-এর সেবাধর্মী চরিত্র ও বৈশিষ্ট্য সম্পর্কে উম্মুল মুমিনিন হজরত খাদিজা (রা.) সাক্ষ্য দিয়ে বলেন, ‘আল্লাহর কসম! আল্লাহ আপনাকে কখনোই অপমানিত করবেন না। আপনি তো আত্মীয়স্বজনের সঙ্গে সদ্ব্যবহার করেন, অসহায়-দুর্বলের দায়িত্ব বহন করেন, নিঃস্বকে সাহায্য করেন। মেহমানের সমাদর করেন এবং দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন।’
রাসুল (সা.)-এর আদর্শকে সামনে রেখে আমাদের সমাজসেবামূলক কর্মসূচি চালিয়ে যেতে হবে। বান্দার হক তথা আত্মীয়স্বজন, প্রতিবেশী ও গরিব-দুঃখী মানুষের সাহায্যে এগিয়ে আসা এবং আর্তমানবতার সেবা, সামাজিক সমস্যা দূরীকরণ ও সমাজসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। বস্তুত আত্মীয়স্বজন, প্রতিবেশী, দরিদ্র, নিঃস্ব, এতিম, নিরাশ্রয়, রোগী ও বিপদগ্রস্ত মানুষকে যথাযথ সেবা করা খুবই সওয়াবের কাজ। আর এতে অমনোযোগী হওয়া আল্লাহপাকের অসন্তুষ্টি ও গুনাহের কাজ। এ প্রসঙ্গে পবিত্র কোরআন ও হাদিসে গুরুত্ব সহকারে তাগিদ দেওয়া হয়েছে। কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ‘তোমরা আল্লাহর ইবাদত করবে, কোনো কিছুকে তার সঙ্গে শরিক করবে না এবং বাবা-মা, আত্মীয়স্বজন, এতিম, অভাবগ্রস্ত, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, সঙ্গী-সাথি, পথচারী এবং তোমাদের অধিকারভুক্ত দাস-দাসীদের প্রতি সদ্ব্যবহার করবে। নিঃসন্দেহে আল্লাহ দাম্ভিক ও অহঙ্কারীকে পছন্দ করেন না।’ (সুরা নিসা ৩৬)
রাসুল (সা.) ইরশাদ করেছেন, তোমার ভাইয়ের প্রতি তোমার হাসিমুখে তাকানো একটি সদকা, কাউকে ভালো কাজ করার জন্য তোমার নির্দেশ দেওয়া একটি সদকা, কাউকে মন্দ কাজ থেকে বিরত রাখাও তোমার একটি সদকা, পৃথিবীতে পথভ্রষ্ট ব্যক্তিকে সুপথ দেখানোও তোমার জন্য একটি সদকা, যে ব্যক্তি চোখে কম দেখে তাকে সাহায্য করাও তোমার জন্য একটি সদকা, যদি রাস্তা থেকে পাথর-কাঁটা ও হাড় সরিয়ে দাও তাও তোমার জন্য একটি সদকা, তোমার বালতির পানি দ্বারা তোমার ভাইয়ের বালতি ভরে দেওয়াও একটি সদকা।’ (তিরমিজি) অতএব ইহকালের শান্তি ও পরকালীন নাজাতের জন্য আমাদের প্রত্যেকেরই সাধ্যমতো সমাজসেবামূলক কর্মকাণ্ডে অংশ নিতে হবে।
