নাটোরের বাগাতিপাড়া থেকে কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের কামারপাড়া এলাকায় তার নিজ ঘর থেকে লাশ উদ্ধার করা হয়। মৃত নাইম ওই এলাকার মমিনের ছেলে। নাইম নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন নাইমের মা খুশি বেগম বিকেলেই তার বাবার বাড়ি নাটোর মমিনপুরে বেড়াতে যায় এবং বাবা প্রতিদিনের মতো সিএনজি নিয়ে বের হয়। চাচাতো ভাই সাব্বির হোসেন (১৬) রাতে ভাইয়ের খোঁজ নিতে এসে কোনো সাড়াশব্দ না পেয়ে তার চাচা রাকিবকে ডেকে নিয়ে আসে। রাকিব তার ভাতিজার কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে দেখে আড়ার সঙ্গে গলায় দঁড়ি দিয়ে নাইম ঝুলে আছে। পরে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, লাশ থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
