বিচারকের কাছে চাঁদা দাবি, যুবদলের নেতা গ্রেপ্তার

আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ০৭:৩০ এএম

গাইবান্ধার ফুলছড়িতে এক বিচারকের কাছে চাঁদা দাবির অভিযোগে আক্তারুজ্জামান আক্তার (৪০) নামে এক যুবদলের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেল ৩টার দিকে ফুলছড়ি উপজেলার কালিরবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আক্তারুজ্জামান ফুলছড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। তিনি একই উপজেলার পারুল চর গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত মোগরব আলীর ছেলে।

পুলিশ জানায়, ফুলছড়ি উপজেলার কালিরবাজার এলাকায় নিজবাড়ির সামনে হাঁটাহাঁটির সময় আক্তারুজ্জামান ওই বিচারপতির কাছে উপস্থিত হয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে বিচারপতি নিজ উদ্যোগে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করেন। এর আগেও গত ৬ আগস্ট অভিযুক্ত ব্যক্তি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিচারপতির কাছে একই পরিমাণ টাকা চাঁদা দাবি করেছিলেন।

ফুলছড়ি থানার ওসি হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ওই যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে।

ফুলছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নান্টু গ্রেপ্তার আকতারুজ্জামানের দলীয় পদ নিশ্চিত করে বলেন, ‘দলের নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমরা তদন্ত সাপেক্ষে আক্তারুজ্জামানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত