ফুচকা বিক্রি করে ৪০ লাখ টাকা আয়, ট্যাক্সের নোটিশ পাঠাল সরকার!

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ০৭:২১ পিএম

ফুচকা বিক্রি করে বছরে তার আয় নাকি ৪০ লাখের বেশি। তা নজরে আসতে চোখ কপালে উঠেছে প্রশাসনের। ফুচকা বিক্রেতাকে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (জিএসটি) দেওয়ার কথা মনে করিয়ে দিয়ে সরকারের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে। 

সেই নোটিশের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। অনেকে আবার মজার ছলে পেশা পরিবর্তনের কথাও বলতে শুরু করেছেন। ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়ুতে।

ফুচকা বিক্রেতাকে যে নোটিশ পাঠানো হয়েছে, তাতে ৪০ লাখ টাকা আয়ের কথা উল্লেখ আছে। নোটিশে বলা হয়েছে, ২০২৩-২৪ সালে ওই ফুচকা বিক্রেতা শুধু অনলাইনেই ৪০ লক্ষ ১১ হাজার ১৯ টাকা আয় করেছেন!

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বহু জায়গাতেই অনলাইনে লেনদেন চলে। সাধারণ মানুষ ধীরে ধীরে এই পর্যায়ে লেনদেনে অভ্যস্ত হয়ে উঠছেন। ফলে বিভিন্ন দোকানে এখন কিউআর কোড লাগানো থাকে। ১০ টাকা হোক ২০ টাকা, স্বল্প অঙ্কের অর্থের লেনদেনও হয়ে থাকে অনলাইনেই। সেই মতো তামিলনাড়ুর ওই ফুচকা বিক্রেতা নিজের দোকানে কিউআর কোড লাগিয়েছিলেন। তার মাধ্যমেই ওই ফুচকা বিক্রেতার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে ৪০ লক্ষ টাকার বেশি। যা নজরে আসতেই তামিলনাড়ু সরকার নোটিশ পাঠিয়েছে ওই ফুচকা বিক্রেতাকে।

ওই নোটিশে দাবি করা হয়েছে, ফুচকা বিক্রেতাটির জিএসটি নথিভুক্তিকরণ নেই। ফলে কোনও রকম শুল্কও দিতে হয় না। সেই কথা মনে করিয়ে দিয়েই সরকারের পক্ষ থেকে জিএসটি নথিভুক্তিকরণের নির্দেশ দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত