৩২ বছর ধরে গোসল করেননি ৩ ফুট ৮ ইঞ্চির ‘ছোটু বাবা’

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ১০:৩১ পিএম

ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মহাকুম্ভে আকর্ষণের কেন্দ্রে ৩ ফুট ৮ ইঞ্চি উচ্চতার ‘ছোটু বাবা’ ওরফে গঙ্গাপুরী মহারাজ। নারী থেকে পুরুষ, তরুণ থেকে প্রবীণ, সকলেই এসে তার পা ছুঁয়ে প্রণাম করছেন। মাথায় হাত রেখে আশীর্বাদ করছেন তিনি। তার দাবি, গত ৩২ বছর ধরে গোসল করেননি তিনি। 

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, গঙ্গাপুরীর বয়স ৫৭ বছর। আসামের কামাখ্যা থেকে প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় এসেছেন তিনি। সঙ্গমের তীরে নিজের একটি ছাউনি তৈরি করেছেন। সেখানে বসেই সকাল-বিকেল ভক্তদের আশীর্বাদ করছেন গঙ্গাপুরী। 

তিনি জানিয়েছেন, এখানে আসতে পেরে খুব খুশি তিনি। তবে পুণ্যতিথিতে সঙ্গমে স্নান করতে নামবেন না। কারণ গঙ্গাপুরী জানিয়েছেন, তার মনের ইচ্ছাপূরণ হয়নি। সেই ইচ্ছাপূরণ না হওয়া পর্যন্ত স্নান করবেন না বলে পণ করেছেন।

১২ বছর অন্তর প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা হয়। এ বছর ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত তা চলবে। ১৪ এবং ২৯ জানুয়ারি, ৩ ফেব্রুয়ারি স্নানের তিথি রয়েছে। সেই পুণ্যস্নান করতে প্রয়াগরাজে জড়ো হয়েছেন লক্ষ লক্ষ মানুষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত