বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের অতিরিক্ত পরিচালক (ওএসডি) কৃষিবিদ মোহাম্মদ মোস্তাইন কবীরের (সোহেল) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল রবিবার সকালে ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের নিজ কক্ষে ফ্যান ঝুলানোর রডের সঙ্গে গলায় দড়ি দিয়ে তাকে ঝুলন্ত দেখতে পান সহকর্মীরা। পরে কোতোয়ালি থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহিদুল হক জানান, সোহেলের কক্ষ ভেতর থেকে লাগানো ছিল। পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রাথমিক তদন্ত শেষে ঘটনাটিকে আত্মহত্যা বলে জানিয়েছে পুলিশ। সোহেল যে টেবিলে উঠেছিল সেখানে তার জুতার ছাপও আছে।
