কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করল তিতুমীরের ছাত্ররা

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ০১:৩৭ পিএম

ঢাকার সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কলেজের মূল ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানার লাগিয়েছেন। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে কলেজটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে এমন কাজ করেছেন শিক্ষার্থীরা।

দীর্ঘদিন থেকে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি করে আসছে শিক্ষার্থীরা।

জানা গেছে, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপ দিতে গত বছরের ১৮ নভেম্বর অনির্দিষ্টকালের জন্য ‘কলেজ শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা। সেই কর্মসূচি পালনে তারা রেলগেট ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। পরে শিক্ষার্থীদের টানা আন্দোলনের পরিপ্রেক্ষিতে উপদেষ্টা নাহিদ ইসলাম ও শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে বৈঠকে বসেন শিক্ষার্থী প্রতিনিধিরা। বৈঠক শেষে শিক্ষার্থীরা জানান, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব কিনা, সে বিষয়ে পর্যবেক্ষণ করতে আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আপাতত রাজপথে থাকছেন না শিক্ষার্থীরা।

পরে সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের যৌক্তিকতা ও সম্ভাব্যতা যাচাইয়ের নিমিত্তে গত ৩ ডিসেম্বর ৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি করে শিক্ষা মন্ত্রণালয়। কমিটিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একজন সদস্য (সভাপতি), ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত একজন প্রো-ভাইস চ্যান্সেলর (সদস্য), যুগ্মসচিব (বিশ্ববিদ্যালয়-২ অধিশাখা), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (সদস্য) ও কমিটিতে সদস্যসচিব হিসেবে রয়েছেন উপসচিব (সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয়), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত