রাবি শিবিরের সভাপতি জাহিদ, সেক্রেটারি মুজাহিদ

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ০৭:৩২ পিএম

ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫ সেশনের এক বছর মেয়াদি নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাকুর রহমান জাহিদ। সেক্রেটারি মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইসলাম শিক্ষা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুজাহিদ ফয়সাল। মঙ্গলবার (০৭ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আজ দুপুর ২টায় রাজশাহীর বিনোদপুরে শহীদ শরীফুজ্জামান নোমানী মিলনায়তনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। ২০২৫ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্তকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘সেইসঙ্গে নবনির্বাচিত সভাপতি সদস্যদের পরামর্শের ভিত্তিতে শাখা সেক্রেটারি মনোনীত করে নাম ঘোষণা করেন।’

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ, স্কুল সম্পাদক সিদ্দিক হোসেন, এইচআরএম সম্পাদক সাইদুল ইসলাম ও রাবির সদ্য সাবেক সভাপতি আব্দুল মোহাইমিন প্রমুখ।

শিবির সূত্রে জানা যায়, নবনির্বাচিত সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ পূর্বের কমিটিতে সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া নবনির্বাচিত সেক্রেটারি সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

প্রায় এক যুগ ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির প্রকাশ্যে কোনো কার্যক্রম পরিচালনা করতে পারেনি। তবে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুরসহ বিভিন্ন এলাকায় তাদের কার্যক্রম চলমান ছিল। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সেপ্টেম্বরে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারির নাম প্রকাশ্যে আসে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত