হামলার এক মাস পর আগরতলা ফিরলেন সহকারী হাই কমিশনার

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ০৮:৩৯ পিএম

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলাস্থ বাংলাদেশের সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ এক মাস পর অফিসে গিয়েছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে তিনি আগরতলায় যান।

এর আগে গত ২ ডিসেম্বর আগরতলার বাংলাদেশের সহকারী হাই কমিশনারের কার্যালয়ে সেখানকার উগ্রবাদী গোষ্ঠী হামলা চালায়। এরপরই এক জরুরি বার্তায় সহকারী হাই কমিশনারকে বাংলাদেশে ফেরত আনা হয়। ৮ ডিসেম্বর সহকারী হাই কমিশনার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার ফেরার বিষয়টি নিশ্চিত করেন।  

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ওসি মো. শফিকুল ইসলাম জানান, সহকারী হাই কমিশনার বেলা সাড়ে ১২টা থেকে দেড়টা নাগাদ সময়ের মধ্যে আগরতলায় যান। এ সময় তিনি একাই ছিলেন।

জানতে চাইলে সহকারী হাইকমিশনের একজন কর্মকর্তা জানান, বেলা ২টার দিকে সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ অফিসে পৌঁছেছেন। ত্রিপুরার রাজ্য সরকার অফিসের নিরাপত্তা জোরদার করেছে। বাংলাদেশ সরকারের নির্দেশে বর্তমানে অফিসের ভিসা কার্যক্রম বন্ধ আছে। কবে চালু হবে এ বিষয়ে কিছু বলতে পারেননি তিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত