শিশু-মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের ৮৪ কর্মচারী বদলি

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ০৭:৩৩ এএম

রাজধানীর মাতুয়াইলের সরকারি শিশু-মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের বিভিন্ন পদে কর্মরত ৮৪ জন কর্মচারীকে বিভিন্ন সরকারি হাসপাতালে বদলি করা হয়েছে। অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এ বি এম আবু হানিফ স্বাক্ষরিত গতকাল মঙ্গলবারের এক আদেশে এই বদলি করা হয়।

বদলির কারণ হিসেবে আদেশে বলা হয়েছে, ২০১৭ সালে নিয়োগ পাওয়া ‘শিশু-মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট’ প্রকল্পের ২৪২ জন ও ২০১৮ সালে নিয়োগ পাওয়া স্বাস্থ্য মন্ত্রণালয়ে কর্মরত ৮৬ জনকে ভূতাপেক্ষভাবে ২০২০ সালে তাদের চাকরি নিয়মিত করে রাজস্ব খাতে বদলি করা হয়। পরে গত বছর ৭২ ক্যাটাগরির ২০০টি পদ স্থায়ী করা হয়। ইতিমধ্যেই শিশু-মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের প্রকল্প শেষ হয়েছে। ফলে সেই প্রকল্পে কর্মরতদের মধ্যে ৮৪ জনকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বদলি করল স্বাস্থ্য অধিদপ্তর।

আদেশে আগামী সাত কর্মদিবসের মধ্যে বদলি করা কর্মচারীদের কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। এতে আরও বলা হয়, সাত কর্মদিবসের মধ্যে কর্মস্থলে যোগদান করা না হলে আট কর্মদিবস থেকে সরাসরি অব্যাহতি পেয়েছেন বলে গণ্য হবে। এ ছাড়া জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত