মাদক সেবন-জুয়া খেলতে বাধা, প্রবাসীকে পিটিয়ে হত্যা

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ০৫:৪৪ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদক সেবন ও জুয়া খেলায় বাঁধার জেরে প্রবাসী আজিম উদ্দিন সরকার (৫৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ৮টার দিকে পোরজনা ইউনিয়নের পুঁঠিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আজিম উদ্দিন ওই গ্রামের মৃত মোসলেম উদ্দিন সরকারের ছেলে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে বুধবার (৮ জানুয়ারি) সকালে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহতের ছোট ভাইয়ের স্ত্রী নাজমা খাতুন বলেন, আশপাশ এলাকার কিছু বখাটে যুবক বেশ কিছুদিন ধরে তাদের বাড়ির সামনের একটি পরিত্যক্ত ভাঙা ঘর ও পাশের জমিতে বসে মাদক সেবন ও জুয়া খেলে আসছিল। এখানে বসে তাদের এ কাজ করতে একাধিকবার নিষেধ করা হয়। এ নিষেধ উপেক্ষা করে তারা আবারও মঙ্গলবার সন্ধ্যায় ওখানে বসে মাদক সেবন ও জুয়া খেলতে থাকে। এ অবস্থায় আমার ভাসুর আজিম উদ্দিন তাদের নিষেধ করে। এতে উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও বাগবিতণ্ডা হয়। এরপর তারা আমার ভাসুরকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়। এরপর ওই দিন রাতে এশার নামাজ শেষে আজিম উদ্দিন ও তার এক ভাই মসজিদ থেকে বাড়ি ফেরার সময় কয়েকজনকে ওই স্থানে বসে আবারও মাদক সেবন করতে দেখে।

এ সময় তিনি চোর চোর বলে তাদের ধাওয়া দিলে তারা সংঘবদ্ধ হয়ে আমার দুই ভাসুরকে মারপিট করে। একপর্যায়ে মাদক সেবিরা আমার ভাসুর আজিম উদ্দিনের কান, মাথা ও ঘাড়ে আঘাত করে একটি মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। এ সময় তিনি জ্ঞান হারিয়ে ঘটনাস্থলের মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে প্রথমে মাথায় পানি ঢালা হয়। এরপর স্থানীয় ও মা ক্লিনিকের চিকিৎসক দিয়ে দেখানো হয়। চিকিৎসকরা দেখে তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনার পর তারা ঘাতকদের দৌঁড়ে পালিয়ে যেতে দেখেছেন। তারা আরও বলেন, ঘাতকরা প্রায়ই ওই পরিত্যাক্ত ঘরে বসে মাদক সেবন করে ও জুয়া খেলে। এতে এলাকাবাসি নিরাপত্তা ঝুঁকিতে পড়েন। ফলে মাদকসেবি ও জুয়ারিদের এখানে এ কাজ করতে নিষেধ করেন। এতে ক্ষুব্ধ হয়ে তারা আজিম উদ্দিনকে পিটিয়ে হত্যা করে একটি মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে গেছে।

এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার এখনও কোনো অভিযোগ দেয়নি। দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ দিকে এ ঘটনার পর থেকে ওই মাদকসেবি ও জুয়ারিরা পলাতক রয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যেও সৃষ্টি হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত