শাহবাগ ছাড়লেন বিডিআর পরিবারের সদস্যরা

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ০৫:০৩ পিএম

বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তের দাবিতে দুই ঘণ্টা অবরোধ শেষে রাজধানীর শাহবাগ ছেড়েছেন আন্দোলনরত বিডিআর পরিবারের সদস্যরা। এতে ওই পুনরায় যান চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে সময় বেঁধে দিয়ে শাহবাগের রাস্তা ছেড়ে আবারো শহীদ মিনারে ফিরে গিয়েছেন তারা। এ সময় তাদের পক্ষ থেকে বলা হয়, আগামী দুই ঘণ্টার মধ্যে সরকার পক্ষ থেকে আমাদের সমস্যা সমাধানে আশানুরূপ ঘোষণা না আসলে এবার কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এ সময় সমন্বয়ক মাহিন সরকার জানান, শাহবাগ থেকে ফিরে গেলেও শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চলবে। দুই ঘণ্টার মধ্যে সরকারের পক্ষ থেকে ঘোষণা না এলে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতির দায় সরকারকে নিতে হবে।

এর আগে দুপুর দেড়টার দিকে পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার ‘নিরপরাধ জওয়ানদের’ মুক্তি ও পুনঃতদন্তসহ তিন দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ চালিয়ে আসা স্বজনরা পদযাত্রা করে শাহবাগ ‘ব্লকেড’ করেন। তারা শাহবাগ ব্লকেড করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার দুপুর ১টা ৫ মিনিটে শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করে দেড়টার দিকে তারা শাহবাগে যাত্রা করে। সেখানে পুলিশের বাধা অতিক্রম করে তারা শাহবাগে অবস্থান নেন। এ সময় দাঙ্গা পুলিশের সদস্যদের শাহবাগ মোড়ে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত