যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন জায়গায় নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। এই দাবানলের কবলে পড়া লাখো মানুষের মধ্যে অভিনয়শিল্পী, সংগীতশিল্পীসহ বেশ কিছু তারকা আছেন। ম্যান্ডি মুর, প্যারিস হিলটন থেকে অ্যান্টনি হপকিনস্— নামী তারকাদের বিলাসবহুল বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
এই লেলিহান আগুনের কবলে পড়লেন বলিউড তারকা নোরা ফাতেহিও। এই মুহূর্তে লস অ্যাঞ্জেলেসে রয়েছেন তিনি। অবিলম্বে তাকে ও তার সহযোগী দলের কর্মীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করলেন নোরা।
এক ভিডিওতে নোরা বলেছেন, “আমি এখন লস অ্যাঞ্জেলেসে আছি। এই দাবানল সত্যিই বিধ্বংসী। আগে কখনও এমন দেখিনি। সাংঘাতিক বললেও কম বলা হবে। পাঁচ মিনিট আগে আমাদের ঘর খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সঙ্গে সঙ্গে আমি আমার জিনিসপত্র গুছিয়ে নিয়ে হোটেল থেকে বেরিয়ে যাই। আমি এখন কাছাকাছিই এক বিমানবন্দরে যাচ্ছি। সেখানে গিয়ে একটু বিশ্রাম করব। আজই আমি ভারতে ফেরার বিমান ধরব।”
নোরা এই বিধ্বংসী দাবানল নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “আশা করছি আমি বিমানে উঠে আজ ফিরতে পারব। এখানে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর বলে বোঝাতে পারব না। কী অবস্থায় রয়েছি, আপনাদের জানাতে থাকব। আশা করছি, প্রত্যেকে নিরাপদে থাকবেন।”
নোরার এই ভিডিও ছড়িয়ে পড়তেই তার অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেছেন। অভিনেত্রীকে দ্রুত দেশে ফেরার অনুরোধ করছেন তারা।
জানা গেছে, এই দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্যাসিফিক প্যালিসেডস। এটি লস অ্যাঞ্জেলসের অত্যন্ত অভিজাত এলাকা। এখানেই রয়েছে ম্যান্ডি মুর, অ্যাড্রিয়েন ব্রডি, প্যারিস হিলটন, অ্যান্থনি হপকিন্স, ক্যারি এলওয়েসের মতো তারকার বিলাসবহুল বাড়ি। শখের বাড়ি হারিয়ে মাথায় হাত তাদের। সমাজমাধ্যমে প্রতিক্রিয়ার পাশাপাশি ক্ষয়ক্ষতির কথা নিজেরাই জানিয়েছেন তারা।
জ্বলছে হলিউড, আগুনে পুড়ে ছাই প্যারিস হিলটনসহ একাধিক তারকার বাড়ি