মক্কার হেরা কালচারাল ডিস্ট্রিক্ট এই শীতে পরিণত হয়েছে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং আধুনিক প্রযুক্তির এক অনন্য মিলনস্থলে। শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধবর্ষের ছুটিকে কেন্দ্র করে ১০ জানুয়ারি পর্যন্ত চলবে হেরা উইন্টার ইভেন্টস। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, দর্শনার্থীদের জন্য এখানে রাখা হয়েছে অসংখ্য আকর্ষণীয় কার্যক্রম ও সেবা।
এই আয়োজনের কেন্দ্রবিন্দু হলো বিভিন্ন প্রদর্শনী। যেখানে মানবজাতির প্রতি আল্লাহপ্রদত্ত নবী-রাসুলদের জীবন কাহিনি তুলে ধরা হয়। এই প্রদর্শনীতে হজরত আদম (আ.) থেকে শুরু করে শেষ নবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো আলোকপাত করা হয়। বিশেষ করে হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি নাজিল হওয়া প্রথম ওহির ঘটনাকে এখানে অত্যন্ত জীবন্ত ও গভীরভাবে উপস্থাপন করা হয়। দর্শনার্থীরা এই প্রদর্শনীর মাধ্যমে হেরা গুহার পরিবেশ, নবীজির স্ত্রী খদিজা (রা.)-এর জীবন এবং জিবরাইল (আ.)-এর পরিচয় সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। এই প্রদর্শনীতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, যা দ্বারা দর্শকদের অভিজ্ঞতাকে জীবন্ত করে তোলা হয়েছে। এই প্রযুক্তি দর্শনার্থীদের নবীদের যুগে ফিরিয়ে নিয়ে যায় এবং তাদের সেই ঐতিহাসিক মুহূর্তগুলোর সঙ্গে পরিচিত করে। প্রদর্শনীতে আরও রয়েছে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন। এখানে ওসমান ইবনে আফফান (রা.)-এর সঙ্গে সম্পৃক্ত প্রাচীন একটি কোরআনের ফটোকপি প্রদর্শন করা হয়েছে, যা পবিত্র গ্রন্থ সংরক্ষণের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করে। এ ছাড়া কোরআনের আয়াত খোদিত প্রাচীন পাথরের শিলালিপি প্রদর্শিত হয়েছে, যা পবিত্র গ্রন্থ সংরক্ষণে মুসলিমদের চেষ্টাকে প্রতিফলিত করে।
হেরা কালচারাল ডিস্ট্রিক্টে শুধু প্রদর্শনী নয়, রয়েছে ঐতিহ্যবাহী হস্তশিল্প ও স্থানীয় পণ্যের কেনাকাটার সুযোগ। হেরা গুহা ও জাবালে নুর পাহাড়ের নিকটবর্তী এই স্থানটি সৌন্দর্য ও আধ্যাত্মিকতার এক অনন্য কেন্দ্র হয়ে উঠেছে।
প্রাচীন ইতিহাস ও আধুনিক প্রযুক্তির সম্মিলনে হেরা কালচারাল ডিস্ট্রিক্টে আয়োজিত হেরা উইন্টার ইভেন্টস কেবল মক্কার নয়, বরং পুরো মুসলিম বিশ্বের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্য তুলে ধরার একটি অভূতপূর্ব উদ্যোগ। এটি দর্শনার্থীদের জন্য ইসলামের ইতিহাস সম্পর্কে জানার এক অনন্য সুযোগ করে দিয়েছে।
