মেঘনা নদীতে বাল্কহেড ও স্পিডবোটের সংঘর্ষে দুইজন নিহত

আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০১:১৯ এএম

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে  এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন অদুদ বেপারী (৩৫) ও নাঈম (৩০)। উভয়ের বাড়ি উপজেলার গুয়াগাছিয়া গ্রামে।

গজারিয়ার নৌপুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো আাল আমিন এ খবর নিশ্চিত করেন।

তিনি বলেন, নদীতে নোঙর করে রাখা বাল্কহেডের সাথে রাতের অন্ধকারে দ্রুতগতির স্পিডবোটের সংঘর্ষ হয়। এতে দুই জন নিহত হয়। তবে কতজন আহত হয়েছে তা এখনও জানতে পারিনি। শুনেছি স্পিডবোটে ১০-১২ জন ছিল।

গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সায়মা আক্তার জানান, হাসপাতালে তিনজনকে আনা হয়েছিলো। তাদের মধ্যে দুইজনকে নিহত অবস্থায় অবস্থায় আনা হয়। বাকি একজন গুরুতর আহত। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ব্যাপারে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, নিহত দুজনের মরদেহ গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রয়েছে। তবে কিভাবে এ দুর্ঘটনা ঘটলো এ ব্যাপারে এখনো বিস্তারিত বলা যাচ্ছে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত