নেত্রকোনার দুর্গাপুরের পানমহাল রোড এলাকায় পুলিশের এসআই শফিকুল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনায় গভীর শোক ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। গতকাল শুক্রবার সংগঠনটির সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলুর সই করা এক বিজ্ঞপ্তিতে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
নিহত এসআই শফিকুল ইসলামের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার চ-ীগড় ইউনিয়নের নয়াগাঁও গ্রাম। তিনি জামালপুর জেলা পুলিশ লাইনসের বেতারের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রাথমিকভাবে ব্যক্তিগত শত্রুতা থেকে এই হামলা হতে পারে বলে ধারণা করা হলেও একজন পুলিশ সদস্যকে এলোপাতাড়ি কুপিয়ে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীরভাবে শোকাভিভূত ও মর্মাহত হয়েছে পুলিশ বাহিনী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের প্রিয় সহকর্মী এসআই (নি.) মো. শফিকুল ইসলাম, যিনি জামালপুর পুলিশ লাইনসের বেতার বিভাগে কর্মরত ছিলেন, তার মৃত্যুতে আমরা একজন দক্ষ, সাহসী এবং নির্ভীক সহকর্মীকে হারালাম, যা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।
তার কর্মজীবনের অবদান এবং মানবিক গুণাবলির স্মৃতি আমাদের মনে চিরকাল অমøান থাকবে। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
