আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় চা দোকানিকে মারধরের পর প্রকাশ্যে পায়ে গুলির ঘটনায় ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে এখনো উদ্ধার হয়নি গুলির ঘটনায় ব্যবহৃত অবৈধ আগ্নেয়াস্ত্র।
শনিবার (১১ জানুয়ারি) দুপুরে এসব তথ্য জানিয়েছেন আশুলিয়া থানার ওসি নূর আলম সিদ্দিকী। এর আগে শুক্রবার রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মাসুদ পারভেজ রানা ওরফে কালা পারভেজ (৪৫), ইয়ার হোসেন (২৪) ও খোকন তালুকদার (১৯)।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার গোরাট এলাকার ডেবনিয়ার গার্মেন্টসের ২ নম্বর গেটের সামনে বিভিন্ন দোকান থেকে চাঁদা আদায় করছিল রতন, আকাশ, আশিক, তৈয়ব ও পারভেজ। এসময় সৈনিক ইসলাম শাহীন চায়ের দোকানে চা বিক্রি করছিল। শাহীনের কাছে ৫০ টাকা চাঁদা চাইলে তিনি টাকা দিতে অস্বীকার করায় ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে। একপর্যায়ে তিনি ছুটে দৌড় দিলে তৈয়ব নামের একজন তাকে পেছন থেকে গুলি করে। এতে সৈনিক ইসলামের বাম পায়ে গুলিবিদ্ধ হয়।
গুলিবিদ্ধ অবস্থায় তিনি পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ সৈনিক ইসলাম শাহীনের মা নাজমা বেগম বাদী হয়ে পাঁচজনের নামসহ অজ্ঞাত আরও ১০-১২ জনের নামে আশুলিয়া থানায় মামলা করার পর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আশুলিয়া থানার ওসি নূর আলম সিদ্দিক বলেন, শুক্রবার রাতে আশুলিয়ার পৃথক স্থানে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার ও জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। এছাড়া গ্রেপ্তারদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
২০০ আসন পেলেও বিএনপি একা সরকার গঠন করবে না
ঢাকায় মার্কিন দূতাবাসে যোগ দিলেন ‘ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত’ ট্রেসি অ্যান
ক্যালেন্ডার বিতরণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩০