নিজেদের কর্মীদের জীবন বীমা কাভারেজ সুবিধা প্রদানে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে এক চুক্তি স্বাক্ষর করেছে ঢাকা ব্যাংক। এ চুক্তির ফলে, ঢাকা ব্যাংকের ১৯৮০ জনের বেশি কর্মী গুরুতর অসুস্থতা, দুর্ঘটনা, অক্ষমতা ও জীবনহানির ক্ষেত্রে বীমার আর্থিক সুরক্ষা পাবেন।
সম্প্রতি এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করেন ঢাকা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর শেখ মোহাম্মদ মারুফ ও মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ। কর্মীদের জন্য বীমা সুরক্ষা প্রদান, কর্মক্ষেত্রে তাদের নিরাপদ এবং মনোযোগী থাকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বীমা সুরক্ষা সংকটময় সময়ে কর্মী ও তাদের পরিবারের ওপর আর্থিক চাপ যেমন কমায় তেমনি কর্মীদের কল্যাণের প্রতি প্রতিষ্ঠানের প্রতিশ্রুতিকে প্রমাণ করে।
বীমা দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক সাফল্য, কাস্টমাইজড বীমা সেবা, অত্যাধুনিক ড্যাশবোর্ড, ক্যাশলেস আউটপেশেন্ট ও অ্যাম্বুলেন্স সেবা এবং বীমাদাবির দ্রুত পেমেন্ট ও ঝামেলামুক্ত দাবি নিষ্পত্তির আর্থিক সক্ষমতার কারণে নিজেদের কর্মীদের বীমা সেবা দেওয়ার ক্ষেত্রে মেটলাইফকে নির্বাচন করেছে ঢাকা ব্যাংক।
এ বিষয়ে ঢাকা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর শেখ মোহাম্মদ মারুফ বলেন, ‘বাংলাদেশের ব্যাংকিং খাতে অনন্য উৎকর্ষের ধারাবাহিকতা বজায় রেখে চলেছে ঢাকা ব্যাংক। আমাদের কর্মী ও তাদের পরিবারের জন্য মেটলাইফের বীমা নিশ্চিত করার মাধ্যমে যারা প্রতিষ্ঠানের সাফল্যে নিবেদিতভাবে অবদান রেখে চলেছেন, তাদের প্রতি আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি।’
মেটলাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, ‘কর্মীদের সুস্থতা ও কল্যাণকে অগ্রাধিকার দেওয়ার জন্য আমরা ঢাকা ব্যাংককে অভিনন্দন জানাই। একটি সুরক্ষিত ও স্থিতিশীল ভবিষ্যৎ তৈরিতে প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করতে মেটলাইফ প্রতিশ্রুতিবদ্ধ।’ বিজ্ঞপ্তি
