মুন্সীগঞ্জ

সেই যুবদল নেতা কারাগারে

আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০৭:০৪ পিএম

মুন্সীগঞ্জের শ্রীনগর থানা থেকে ছিনিয়ে নেওয়া বহিষ্কৃত সেই যুবদল নেতা তরিকুল ইসলামকে (৪০) ফের গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার (১২ জানুয়ারি) বিকেল ৪টার দিকে শ্রীনগর আমলী আদালত-৩ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দুরদানা রহমান জামিনের আবেদন নামঞ্জুর করে জেলা কারাগাারে পাঠানোর নির্দেশ দেন। 

তরিকুল ইসলামকে মারামারি ও পুলিশের দায়ের করা পৃথক দুটি মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার রাত ৯টার দিকে জেলার শ্রীনগর উপজেলার দেউলভোগ গ্রামের বাড়ি থেকে পুলিশ যুবদল নেতাকে ফের গ্রেপ্তার করে। পরে রবিবার বিকেলে তাকে আদালতে হাজির করা হয়। 

গত ১৯ নভেম্বর আদালতে দায়ের করা একটি মারামারি মামলার ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেপ্তার করার পর যুবদল নেতা তরিকুল ইসলামকে গত শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে থানা থেকে ছিনিয়ে নিয়ে যায় বিএনপির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় গতকাল শনিবার যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ২০১ জন নেতাকর্মীর নামে মামলা দায়ের করেন শ্রীনগর থানার এসআই আব্দুর রাজ্জাক। ওই দিন বিকেলেই উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়কের পদ থেকে তরিকুলকে বহিষ্কার করে কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত