জনপ্রশাসন সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল ১৬ দিন

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ০৭:৪৪ এএম

জনপ্রশাসন সংস্কার কমিশনের মেয়াদ আর ১৬ দিন বাড়িয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত বর্ধিত করেছে সরকার। দু-এক দিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে। গতকাল রবিবার কমিশন সময় বাড়ানোর আবেদন করে।  কমিশন সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

কমিশন সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত শনিবার  রাতে জাকাত ফাউন্ডেশনে কমিশনের বৈঠক হয়। বৈঠকে কমিশনের মেয়াদ বাড়িয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়। রেওয়াজ অনুযায়ী আগে প্রধান উপদেষ্টা বরাবর কমিশন প্রধানরা চিঠি দিলেও এবার কমিশনের প্রধান মুয়ীদ চৌধুরী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের কাছে চিঠি দেন। আগের নির্ধারিত সময় অনুযায়ী জনপ্রশাসন সংস্কার কমিশনের মেয়াদ ১৫ জানুয়ারি শেষ হওয়ার কথা ছিল। মন্ত্রিপরিষদ সচিবকে চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।

জুলাই বিপ্লবের পর একটি জনমুখী, জবাবদিহিমূলক, দক্ষ এবং নিরপেক্ষ জনপ্রশাসন প্রতিষ্ঠার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ গত ৯ অক্টোবর জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করে। কমিশনকে তিন মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের কথা বলা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত