চীনসহ পার্শ্ববর্তী দেশ ভারতে ছড়িয়ে পড়া এইচএমপিভি ভাইরাসের সংক্রমণ রোধে দিনাজপুরের হাকিমপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে কাজ শুরু করেছে মেডিকেল টিম। এদিকে এমন কার্যক্রম শুরুর ফলে স্বস্তি ফিরেছে দুই দেশে যাতায়াতকারীদের। তবে দুদেশের মাঝে পণ্য আনা নেওয়া করা চালক ও সহকারীদের এই আওতায় না আনায় কিছুটা শঙ্কিত স্থানীয়রা।
সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১১টা থেকে ইমিগ্রেশন চেকপোস্টে বুথ স্থাপনের মাধ্যমে এই কাজ শুরু করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম। ভারত থেকে দেশে ফেরা পাসপোর্ট ধারী যাত্রীদের জ্বর, সর্দি, কাশি ও র্যাশসহ অন্যান্য উপসর্গ আছে কিনা সেটি নিশ্চিত হওয়ার পরেই তাদের ছাড়পত্র প্রদান করা হচ্ছে। যদি কোনো যাত্রীর এই ধরনের উপসর্গ পাওয়া যায় সেক্ষেত্রে হাসপাতালে আইসোলেশনে পাঠানোর কথা জানিয়েছেন মেডিকেল টিম। সম্প্রতি চীনে ব্যাপকভাবে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতেও এই ভাইরাস ছড়িয়ে পড়েছে এমনকি কলকাতাতেও এই ভাইরাসের রোগী শনাক্ত হয়েছে। এদিকে গতকাল বাংলাদেশে এই ভাইরাসে আক্রান্ত একজন রোগীর সন্ধান মিলেছে।
ভারত থেকে দেশে ফেরা যাত্রী কিশোর দাস বলেন, বাংলাদেশে ইমিগ্রেশন চেকপোস্টে চেকআপ করা হচ্ছে এটি খুব ভালো একটা উদ্যোগ। এর কারণ হলো কার মাঝে কি রোগ আছে সেটি তো মুখ দেখে চেনা বা বোঝা যাবে না। আবার ভারত থেকে যারা বাংলাদেশে আসছে আবার বাংলাদেশ থেকে ভারতে যাচ্চে তাদের মধ্য দিয়ে কোনো রোগ ছড়াচ্ছে কিনা সেটিও এই পরীক্ষার মাধ্যমে জানা যাবে। নতুন যে ভাইরাস বের হয়েছে এটি একজনের মাধ্যমে আরেকজনের শরীরে যেন ছড়িয়ে না পড়ে সেজন্য এমন উদ্যোগ খুব ভালো। এর মাধ্যমে নিজেরা নিরাপদ থাকছি তেমনি অন্যরা নিরাপদ থাকছে।
ভারতে যাওয়া যাত্রী শ্যামল দাস বলেন, করোনার মতো নতুন একটি রোগ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। যার কারণ হিলি ইমিগ্রেশন চেকপোস্টে সতর্ক ব্যবস্থা নিয়েছে এটি খুব ভালো একটি উদ্যোগ। আমি গতকালকেই এসেছিলাম সেই সময় ইমিগ্রেশনে কোনো চেকআপের ব্যবস্থা ছিল না। আজ ভারতে যাওয়ার জন্য এসে দেখি ইমিগ্রেশনে নানারকম উদ্যোগ নেওয়া হয়েছে। তারা মাস্ক পড়তে বলছেন। মাস্ক ছাড়া ভেতরে ঢুকতে দিচ্ছেন না। এই রোগ যেন কারো মাধ্যমে ওই দেশ থেকে এই দেশে বা কারো শরীর থেকে অন্যের শরীরে ছড়িয়ে না পড়ে সেজন্য এই উদ্যোগ নিয়েছে।
অপর এক যাত্রী আফজাল হোসেন বলেন, নতুন এই ভাইরাসের সংক্রমণ রোধে ইমিগ্রেশনে যে ব্যবস্থা নিয়েছে তা খুব ভালো। মেডিকেল টিম আমাদের চেকআপ করছে জ্বর শর্দী কাশি শ্বাসকষ্ট আছে কিনা এগুলো সম্পর্কে জানছে। মাস্ক সরবরাহ করছে সকলকে মাস্ক পড়তে বলছে। এই ভাইরাস থেকে নিজেক নিরাপদ থাকতে বেশ সুবিধা হলো এর মাধ্যমে।
স্থানীয় এলাকাবাসী আলম হোসেন বলেন, ভারতের কলকাতাতে নতুন এই ভাইরাসের রোগী শনাক্ত হয়েছে। যার কারণে আমাদের দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যেই ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্ট যাত্রীদের চেকআপের আওতায় আনা হয়েছে। তবে বন্দর দিয়ে প্রতিদিন ১০০-১২০ ট্রাক বিভিন্ন পণ্য নিয়ে চালক ও সহকারীরা আসেন। কিন্তু তাদের কোন পরীক্ষার আওতায় আনা হয়নি। যার কারণে তাদের মাধ্যমে দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই পাসপোর্টধারী যাত্রীদের মতো ট্রাক চালক ও সহকারীদের এর আওতায় আনার দাবী জানাচ্ছি।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টে কর্মরত মেডিকেল টিমের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জাহাঙ্গির আলম বলেন, এইচএমপিভি নামক নতুন ভাইরাসের সংক্রমণ রোধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে বুথ স্থাপন করা হয়েছে। এখানে আমরা বিশেষ করে ভারত থেকে দেশে আসা পাসপোর্টধারী যাত্রীদের স্কানার দিয়ে চেকআপ করা হচ্ছে। তার জ্বর আছে কিনা সর্দি-কাশি, এ্যাজমা সিওপিডি আছে কিনা এগুলো আমরা দেখতেছি। সেই সঙ্গে তাদের কীভাবে এই ভাইরাস থেকে নিজেদের নিরাপদ থাকা যায় সে বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে। এরপরেও যদি কাওকে সন্দেহভাজন মনে হয় সেক্ষেত্রে পরবর্তী ব্যবস্থার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, নতুন এই ভাইরাস এইচএমপিভির সংক্রমণ রোধে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রেরিত নির্দেশনা মেনে চলা হচ্ছে। হিলি ইমিগ্রেশন চেকপোস্টে মেডিকেল টিম স্থাপন করা হয়েছে যা আজ থেকে কাজ শুরু করেছে। সেই সাথে আমরা মাস্ক ছাড়া কাওকে ভেতরে ঢুকতে দিচ্ছি না হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের কথা বলছি। সেই সঙ্গে যাত্রীদের সতর্ক করতে বিলবোর্ড স্থাপনসহ বিনামূল্যে মাস্ক সরবরাহ করা হচ্ছে। আমরা সবাই বিষয়টি নিয়ে সচেতন রয়েছি। যদি কখনো এই ভাইরাসের সংক্রমিত কোনো রোগী চিহ্নিত হয় সেক্ষেত্রে আইসোলেশনসহ মেডিকেল টিম তার ব্যবস্থা নিবেন। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক ইমিগ্রেশন চেকপোস্টে সব ধরনের কাজ করা হচ্ছে।
চিন্ময়ের জামিন ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ, ৬৩ আইনজীবীর জামিন মঞ্জুর
ভালবাসার উত্তাপ ছড়াচ্ছেন তাহসান-রোজা
জন্মদিনে সত্যজিতের ছবি দেখতেন অমরীশ পুরী
ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন ফসিলস ব্যান্ডের বেসিস্ট
স্বামীর হত্যা মামলা থেকে রেহাই পেতে স্ত্রীর সংবাদ সম্মেলন