তরুণরা নির্ভেজাল গণতন্ত্র চায়: আনোয়ারুল ইসলাম

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ০৫:০২ পিএম

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদের দেশপ্রেম কমিটমেন্ট দেখে আমরা অভিভূত। নির্ভেজাল গণতন্ত্র চায়। তারা বলেছে ভালো নির্বাচন না হলে তারা আবারো আন্দোলনে নামবে।

তিনি বলেন, জাতিকে ভালো এবং নির্ভেজাল ভোটার তালিকা উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। ভোটার নিবন্ধন প্রক্রিয়ার চ্যালেঞ্জ একটাই সেটা মনকে ঠিক করা। উদ্দেশ্য মহৎ থাকলে চ্যালেঞ্জ কোনো কিছু না। আমানত খেয়ানতকারীর অবস্থান জাহান্নাম। স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন ১৮ কোটি মানুষের আমানত। এ  আমানত রক্ষা করার দায়িত্ব সকলের।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচনী প্রক্রিয়ায় আইসিটি ব্যবহারে নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি (সিবিটিইপি) প্রকল্প কর্তৃক আয়োজিত "ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায়" শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন এনআইডি মহাপরিচালক হুমায়ুন কবির, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব আলী নেওয়াজ, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার প্রমুখ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত