সাবেক চার সংসদ সদস্য ও একজন সাবেক গণপরিষদ সদস্যসহ দেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এই শোকপ্রস্তাব উত্থাপন করেন। বিকাল সাড়ে ৩টায় শুরু হওয়া অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার।
উত্থাপিত শোকপ্রস্তাবে স্থান পাওয়া সাবেক সংসদ সদস্যদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের মনোয়ার হোসেন চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা এবং সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান এবং বিএনপির সালাহউদ্দিন আহমেদ ও আব্দুল হাই। এ ছাড়া সাবেক গণপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু তাহের আবদুল মুনতাকিমের মৃত্যুতেও গভীর শোক প্রকাশ করা হয়।
শোকপ্রস্তাবে আরও যুক্ত করা হয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগম, ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরের মা মোছাম্মাৎ মাকসুদা খানম, লেখক, গবেষক ও চিন্তাবিদ অধ্যাপক সাঈদ উর রহমান এবং বিশিষ্ট সাংবাদিক আমির খসরুর নাম। একই সঙ্গে দেশ ও বিদেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ব্যক্তিবর্গের প্রতিও জাতীয় সংসদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়।
শোকপ্রস্তাব উত্থাপনকালে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, উত্থাপিত শোকপ্রস্তাবে কোনো বিশিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের নাম বাদ পড়ে থাকলে তাদের নাম ও সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত সংসদ সচিবালয়ে পৌঁছে দিলে পরবর্তী সময়ে শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত করার জন্য বিবেচনা করা হবে।
পরবর্তীতে উত্থাপিত এই শোকপ্রস্তাবগুলো সংসদে সর্বসম্মতিক্রমে পাস হয়। নিহত ও প্রয়াতদের স্মরণে সংসদে এক মিনিট নীরবতা পালন করা হয়। সবশেষে ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে প্রয়াত ব্যক্তিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।