নারীশিক্ষার উন্নয়নে মুসলিম ওয়ার্ল্ড লিগের নতুন উদ্যোগ

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০৮:৪২ এএম

‘মুসলিম সম্প্রদায়ে মেয়েদের শিক্ষা’ শীর্ষক এক অনুষ্ঠানে নারীশিক্ষার ব্যাপক উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেছে মুসলিম ওয়ার্ল্ড লিগ। গত ১২ জানুয়ারি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আয়োজিত অনুষ্ঠানে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এমন উদ্যোগ মুসলিম সমাজে মেয়েদের শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

ওআইসি এই উদ্যোগকে সরাসরি সমর্থন প্রদান করেছে। এতে মুসলিম বিশ্বের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট অতিথি ও প্রভাবশালী প্রতিষ্ঠানের অংশগ্রহণ রয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৃথিবীর খ্যাতনামা মুফতি, বিভিন্ন গবেষণা কাউন্সিলের সদস্য এবং ওআইসির আন্তর্জাতিক ফিকহ অ্যাকাডেমির প্রতিনিধিরা। এছাড়া ইসলামি বিশ্ববিদ্যালয়গুলোর সভাপতি ও সেক্রেটারিয়েট জেনারেলও এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন। তাদের উপস্থিতি এ উদ্যোগের গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে এবং এর আন্তর্জাতিক স্বীকৃতি নিশ্চিত করেছে।

‘মুসলিম সম্প্রদায়ে মেয়েদের শিক্ষা’ শীর্ষক উদ্যোগের মূল লক্ষ্য হলো মুসলিম সমাজে মেয়েদের শিক্ষার গুরুত্ব তুলে ধরা এবং এটি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। এ উদ্যোগটি কেবল মুসলিম দেশগুলোর জন্যই নয়, বরং বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত মুসলিম সম্প্রদায়ের জন্যও কাজ করবে। এতে ব্যক্তি, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ সবাইকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

এটি বিভিন্ন কৌশল, যৌথ কর্মসূচি ও সমর্থনমূলক চুক্তির মাধ্যমে সমাজে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করবে। এমনকি ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সরকারিভাবে নীতিমালা ও কর্মসূচির মাধ্যমে মেয়েদের শিক্ষা নিশ্চিত করার জন্য পথপ্রদর্শক হিসেবে কাজ করবে।

এর সঙ্গে একটি আন্তর্জাতিক অংশীদারিত্ব প্ল্যাটফর্মও চালু করা হয়েছে। এই প্ল্যাটফর্মটি বিশ্বব্যাপী বিভিন্ন সংস্থার সঙ্গে সমঝোতা চুক্তির ভিত্তিতে কাজ করবে। এসব চুক্তি নারীর ক্ষমতায়ন এবং মেয়েদের শিক্ষার অধিকার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্ল্যাটফর্মটি স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর প্রকল্প বাস্তবায়নে কাজ করবে। বিশেষত এটি এমন সব সংস্থার সঙ্গে কাজ করবে, যারা মেয়েদের শিক্ষা ও নারীর ক্ষমতায়নের জন্য কাজ করছে।

মুসলিম বিশ্বের কিছু দেশে এখনো মেয়েদের শিক্ষা বাধাগ্রস্ত হচ্ছে। বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কারণে মেয়েদের শিক্ষার অধিকার হরণ করা হচ্ছে। মুসলিম ওয়ার্ল্ড লিগ (এমডব্লিউএল)-এর এই উদ্যোগ সেই চ্যালেঞ্জ মোকাবিলার একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।

মেয়েদের শিক্ষা নিশ্চিত করা সমাজের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষিত মায়েরা একটি উন্নত প্রজন্ম গড়ে তুলতে সক্ষম। তাই এ উদ্যোগ একটি বিস্তৃত দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করবে, যা দীর্ঘমেয়াদে মুসলিম সমাজকে ইতিবাচক পরিবর্তনের দিকে এগিয়ে নেবে।

‘মুসলিম সম্প্রদায়ে মেয়েদের শিক্ষা’ উদ্যোগটি একটি সময়োপযোগী পদক্ষেপ। এটি মুসলিম বিশ্বের মেয়েদের শিক্ষা প্রসারে একটি মাইলফলক হিসেবে কাজ করবে। আন্তর্জাতিক সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধি করে এটি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে। এমডব্লিউএল-এর এ উদ্যোগ মুসলিম সমাজের উন্নয়নে নতুন পথ উন্মোচন করবে, যা সামগ্রিকভাবে মানব সমাজের অগ্রগতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে।

সূত্র : এমিরেটস নিউজ এজেন্সি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত