সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে রেলওয়ের রোপওয়ে বাঙ্কার থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। ওই শ্রমিকের নাম লিটন মিয়া (৩২)। তার বাড়ি উপজেলার নভাগী গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লিটন মিয়া আরও কয়েকজন শ্রমিকের সঙ্গে ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর তুলতে যান। গতকাল সকালে বাঙ্ককারের স্থাপনার নিচ থেকে পাথর উত্তোলন করার সময় ওপর থেকে দেওয়াল, পাথর ও মাটি ধসে তার ওপর পড়ে যায়। এ সময় লিটন গুরুতর আহত হন। পরে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ভোলাগঞ্জের সাদাপাথর ও বাঙ্কার এলাকায় চলছে অবাধে পাথর লুট। সেখান থেকে প্রথমে রোপওয়ের গুরুত্বপূর্ণ মালপত্র লুট করা হয়। এরপর শুরু হয় রেলওয়ের জমিতে গর্ত করে পাথর লুট। বাঙ্কার এলাকার গাছও কেটে নেওয়া হয়েছে। প্রতি রাতে রোপওয়ে বাঙ্কার এলাকা থেকে লুট হচ্ছে পাথর।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান বলেন, ‘বাঙ্কারের নিরাপত্তায় থাকা আরএনবি বাহিনীর সদস্যদের সঙ্গে কথা হয়েছে। নিহত ব্যক্তি কেন বাঙ্কারে গিয়েছিলেন, তা জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
