সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীর বক্তব্য নিয়েছে টাস্কফোর্স। গতকাল সোমবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কার্যালয়ে তার বক্তব্য নেওয়া হয়।
সংশ্লিষ্টরা জানান, সাগর-রুনি হত্যা মামলা তদন্তে গঠিত টাস্কফোর্স বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল সকালে পিবিআই কার্যালয়ে ডাকে। সেখানে দুই-আড়াই ঘণ্টা ধরে তার বক্তব্য নেওয়া হয়। এর আগে গত বছরের ৩০ ডিসেম্বর এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছিলেন টাস্কফোর্সের সদস্যরা।
টাস্কফোর্সের চেয়ারম্যান ও পিবিআই প্রধান মো. মোস্তফা কামাল জানান, ইকবাল সোবহান চৌধুরী সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকান্ডের পর অনেক কথা বলেছেন, বক্তব্য দিয়েছেন। সে ব্যাপারে তার কাছে জানতে চাওয়া হয়েছিল। ভবিষ্যতেও ওই হত্যাকা- নিয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে।
