গণঅভ্যুত্থানের চেতনা ষড়যন্ত্রের চোরাবালিতে ডুবে যেতে পারে: প্রিন্স

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ১০:০৪ পিএম

নির্বাচন দেরি হলে সংকট আরও ঘনীভূত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেছেন, জাতীয় নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা দুরভিসন্ধিমূলক। রাজনৈতিক ফায়দা লাভের জন্য বিভিন্ন অজুহাতে নির্বাচন প্রলম্বিত করলে সংকট আরও ঘনীভূত হবে। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা-চেতনা ষড়যন্ত্রের চোরাবালিতে ডুবে যেতে পারে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা ও পৌর বিএনপির যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এমরান সালেহ প্রিন্স বলেন, কঠিন ও জটিল পরিস্থিতি থেকে দেশ ও জনগণকে উদ্ধার এবং রাষ্ট্র মেরামত করতে অতি দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতনের পর ৩ মাস নয়, আমরা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চেয়েছি। কিন্তু ৫ মাস পেরিয়ে গেলেও সংস্কার ও নির্বাচনী কার্যক্রম জনপ্রত্যাশা অনুযায়ী এগোয়নি।

বরং জনসমস্যা নিরসন না হওয়ায় জনদুর্ভোগ বেড়েছে বলে মনে করেন বিএনপির এ নেতা। প্রিন্স বলেন, একইসঙ্গে ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তির দোসরদের ষড়যন্ত্রও বেড়েছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধেও ষড়যন্ত্র চলছে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার অভিপ্রায়ে।

এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জুলাই, আগস্টের মধ্যে নির্বাচন দাবির প্রেক্ষিতে নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমালোচনার প্রতিবাদ জানান প্রিন্স। তিনি বলেন, বিএনপি মহাসচিব জনগণের পালস জেনেই জুলাইয়ে নির্বাচনের দাবি তুলেছেন।

এমরান সালেহ প্রিন্স বলেন, নির্বাচন চাওয়া মানেই শুধুই ক্ষমতার স্বপ্ন দেখা নয়। রাজনৈতিক দল তো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গিয়ে জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়ন করবেই। এটা দোষের কিছু নয়। আর যারা বিভিন্ন অজুহাতে নির্বাচন প্রলম্বিত করে দেশকে জনপ্রতিনিধিহীন রাখতে চান, তারা নির্বাচন ছাড়াই ক্ষমতাবান হতে চান।

তিনি বলেন, অতি দ্রুত নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে জুলাইয়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে বিএনপি দেশ ও জাতিকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করতে চায়। নির্বাচিতের শাসনের মাধ্যমে দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে চায়, ভঙ্গুর রাষ্ট্র কাঠামো মেরামত করে সাম্য, মানবিক ও ন্যায়ভিত্তিক বৈষম্যবিহীন রাষ্ট্র গড়তে চায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত