হারামাইনে নারীদের জন্য সতর্কবার্তা

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ০৯:০৩ এএম

সম্প্রতি সৌদি আরবের ধর্মবিষয়ক প্রেসিডেন্সি ওমরাহতে আগত নারীদের প্রতি বিশেষ নির্দেশনা প্রদান করেছে। মক্কার মসজিদে হারাম এবং মদিনার মসজিদে নববীতে অযথা মোবাইল ফোন ব্যবহার পরিহার করে ইবাদতের প্রতি পূর্ণ মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।

প্রেসিডেন্সি বলেছে, এখানে এসে মোবাইল ফোনে ছবি তোলা এবং অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করা অনুচিত। প্রেসিডেন্সির প্রত্যাশা হলো, নারীরা যেন পবিত্র দুই মসজিদে তাদের সময়টুকু ইবাদত, তাওয়াফ, কোরআন তেলাওয়াত, দোয়া ও ধর্মীয় শিক্ষা গ্রহণে ব্যয় করেন। এ ছাড়া এখানে হিজাব পরা, পবিত্রতা বজায় রাখা এবং বিনয় প্রদর্শন করার তাগিদ দিয়েছে। নারীদের সতর্ক করা হয়েছে, তারা যেন মসজিদের প্রবেশপথ, তাওয়াফের এলাকা, সাফা-মারওয়াসহ অন্যান্য স্থানে পুরুষদের সঙ্গে ধাক্কাধাক্কি এড়িয়ে চলেন।

বর্তমান সময়ে ওমরাহ পালনকারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সৌদি আরবের শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ছুটি চলায় অনেক স্থানীয় নাগরিক এবং প্রবাসী ওমরাহ পালন এবং মসজিদে হারামে ইবাদতের জন্য ভিড় করছেন। ওমরাহের প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে পবিত্র কাবা শরিফ তাওয়াফ এবং সাফা-মারওয়া পাহাড়ের মধ্যে সাঈ করা।

ওমরাহ শেষ করার পর অনেকেই মদিনার মসজিদে নববীতে যান এবং সেখানে নামাজ আদায় করেন। এই ধারাবাহিকতায় সৌদি আরবের ধর্মবিষয়ক প্রেসিডেন্সি ইবাদতের গুরুত্বকে বারবার মনে করিয়ে দিয়েছে এবং মোবাইল ফোনের কারণে মনোযোগ ও ইবাদতের মাহাত্ম নষ্ট না করার আহ্বান জানিয়েছে। মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদ মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত পবিত্র স্থান। এই স্থানগুলোতে একনিষ্ঠভাবে ইবাদত করা এবং এর পবিত্রতার প্রতি খেয়াল রাখা জরুরি। প্রেসিডেন্সির এই নির্দেশনা মুসলিম নারীদের ইবাদতের গুরুত্ব সম্পর্কে উপলব্ধি বাড়াবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত