বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য লে. কর্নেল (অব.) এম এ লতিফ খানের একমাত্র ছেলে তরুণ ব্যবসায়ী নুহার খান সামি মারা গেছেন। গতকাল মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে দুবাইয়ে তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সামির মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, নুহার খান সামি জাসাস কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক ইথুন বাবুর ভাতিজা।
নুহার খান সামির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘একমাত্র ছেলেকে হারিয়ে শোকে বিহ্বল বাবা-মা ও পরিবারের সদস্যদের প্রতি শোক জানানোর ভাষা আমার জানা নেই। সব সন্তানই বাবা-মার কাছে আদরের হয় এবং এটাই স্বাভাবিক। পুত্রহারা বাবা-মাকে আল্লাহ ধৈর্য ধারণের ক্ষমতা দান করুন।’
