মুফতি মুহাম্মদ সিরাজুল ইসলাম একাধারে প্রিন্সিপাল, শাইখুল হাদিস, সংগঠক, সমাজ সেবক ও লেখক। ইতিমধ্যে তার একাধিক বই পাঠক মহলে বেশ সমাদৃত হয়েছে। পাঠকের চাহিদা থাকায় লেখা অব্যাহত রেখেছেন। এবার বাজারে আসছে তার অনূদিত বই ‘মানুষ কেন শ্রেষ্ঠ?’। এর মূল গ্রন্থ ‘ইনসানিয়্যাত কা ইমতিয়াজ’, রচয়িতা দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা কারি মুহাম্মদ তৈয়্যব (রহ.)।
মেঘমালা থেকে বৃষ্টি ঝরে, বরফ থেকে বারি, খেজুর বৃক্ষ থেকে টুপ টুপ করে পড়ে সুমিষ্ট রস, মৌচাক থেকে মধু। আর প্রকৃত মানুষ থেকে প্রকাশ পায় মানবতা। বৈচিত্র্যময় এই দুনিয়ায় হাজার সৃষ্টির মধ্যে মানুষ সৃষ্টির সেরা জীব। কোরআন-হাদিসের আলোকে এবং বাস্তবতার নিরিখে উদাহরণ ও উপমা পেশ করার মাধ্যমে ‘মানুষ কেন শ্রেষ্ঠ?’ বইয়ে তা প্রমাণ করা হয়েছে।
আগামী ১৮ জানুয়ারি মুফতি মুহাম্মদ সিরাজুল ইসলাম প্রতিষ্ঠিত মিরপুর রূপনগরের জামিয়া আশরাফিয়ার খতমে বুখারি অনুষ্ঠানে এই বইয়ের মোড়ক উন্মোচন করা হবে। এতে উপস্থিত থাকবেন শাইখুল হাদিস মুফতি আহমদ আলী, পীরে কামেল মুফতি আনোয়ার মাহমুদসহ স্থানীয় ও জাতীয় পর্যায়ের ওলামায়ে কেরাম।
মুফতি মুহাম্মাদ সিরাজুল ইসলামের লেখালেখির সূচনা বাল্যকাল থেকেই। তিনি ১৯৭৯ সালের ২৯ সেপ্টেম্বর ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার খিলগাতি গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ঘোষবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে প্রাইমারি শিক্ষা সম্পন্ন করেন। ১৯৯৯ সালে ময়মনসিংহের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপিঠ জামিয়া আশরাফিয়া থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। ইফতা (উচ্চতর ইসলামি আইন) সম্পন্ন করেন ঢাকার জাকারিয়া দারুল উলুম থেকে।
মুক্তাগাছার জামিয়া আরাবিয়া মিসবাহুল উলুমে সিনিয়র শিক্ষক হিসেবে তার কর্মজীবনের শুরু। অতঃপর পর্যায়ক্রমে রাজধানীর উত্তরার আল-কাসেম ক্যাডেট মাদ্রাসা, জামিয়া মাদানিয়া দক্ষিণ খান, জামিয়া মুহাম্মদিয়া ভাষানটেক এবং জামিয়া এমদাদিয়া কল্যাণপুরে শিক্ষক, মুহাদ্দিস ও শিক্ষা সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে মিরপুরের জামিয়া নুরিয়া কাসেমুল উলুমের মুহতামিম নিযুক্ত হন। ২০১২ সালে জামিয়া আশরাফিয়া প্রতিষ্ঠা করেন। অদ্যাবধি প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল ও শাইখুল হাদিস হিসেবে নিযুক্ত আছেন। পাশাপাশি রূপনগরের শুকুরজান জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। আর্তমানবতার সেবায় কাজ করা ‘যুল জালালি ওয়াল ইকরাম’ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তিনি। যা প্রতিষ্ঠালগ্ন থেকে মৌলিক অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় এবং অসহায়দের সাহায্যে কাজ করে আসছে।
পাঠক মহলে সমাদৃত মুফতি মুহাম্মদ সিরাজুল ইসলাম রচিত কয়েকটি গ্রন্থ হলো- হাদিসের বিরল কাহিনী, কোরআনের দুর্লভ গল্প, বুনইয়ানে ইসলাম, সিরাতের অন্তরালে, প্রিয় নবীর সুরভিত সম্ভাষণ ইত্যাদি।
