তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এম আজিজুল হক মারা গেছেন। গত মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর উত্তরায় নিজের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। গতকাল বুধবার সকালে পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এম আজিজুল হক ২০০৭ সালে ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, নৌ পরিবহন এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন।
১৯৬৫ সালে পুলিশ সার্ভিসে যোগ দেওয়া আজিজুল হক ১৯৯৬ সালের এপ্রিলে আইজিপি হন এবং ১৯৯৭ সালে ১৬ নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরের বছর ১১ ডিসেম্বর অবসরে যান তিনি।
আজিজুল হক ১৯৪০ সালে ফরিদপুর সদরের ঝিলটুলি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
গতকাল বুধবার জোহরের পর রাজারবাগে আজিজুল হকের জানাজা হয়। পরে বিকেলে তাকে রাজধানীর উত্তরা কবরস্থানে দাফন করা হয়। তার তিন সন্তানের মধ্যে বড় ছেলে আসিফ আজিজ ব্যাংক কর্মকর্তা, মেজ ছেলে হাসিব আজিজ চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার এবং ছোট ছেলে তৌফিক আজিজ চিকিৎসক। সাবেক এই পুলিশ কর্মকর্তার মৃত্যুতে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন শোক প্রকাশ করেছে।
