পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে কাজ চলছে : আইজিপি

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০১:৫৫ এএম

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, অপরাধ দমন, জনগণের সম্পত্তির নিরাপত্তা প্রদান ও শান্তিশৃঙ্খলা বজায় রাখা পুলিশের প্রধান দায়িত্ব। পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে একটি নিরপেক্ষ সংস্থায় উন্নয়ন করতে কাজ করে যাচ্ছে পুলিশ সংস্কার কমিশন। পুলিশের মনোবল পুনরুদ্ধার করে আইনশৃঙ্খলা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।

গতকাল বুধবার রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪০তম ক্যাডেট এসআই-২০২৩ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষানবিশ (এসআই) ক্যাডেটদের উদ্দেশে আইজিপি বলেন, পরিবর্তিত সমাজের সারথি হিসেবে বদলে যাওয়া বাংলাদেশের অগ্রযাত্রায় জনসেবায় আপনারা গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। পুলিশের উপপরিদর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা পদ, কারণ ৯০ ভাগ ফৌজদারি অপরাধের তদন্ত আপনারা করে থাকেন। আর ন্যায়বিচার পাওয়া নির্ভর করে পুলিশের তদন্তের ওপর। 

এর আগে প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আইজিপি। বেস্ট একাডেমিক হিসেবে ক্যাডেট (এসআই) মো. বদিউজ্জামান, বেস্ট ইন ফিল্ড এক্টিভিটিজ শিক্ষানবিশ ক্যাডেট (এসআই) মো. নজরুল ইসলাম, বেস্ট শুটার ও বেস্ট সুইমার হিসেবে শিক্ষানবিশ ক্যাডেট (এসআই) নয়ন কুমার ঢালী এবং সব বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় শিক্ষানবিশ ক্যাডেট (এসআই) মো. আরিফুল ইসলামকে বেস্ট ক্যাডেট পুরস্কার প্রদান করা হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত