আড়াই ঘণ্টা ধরে অস্ত্রোপচার, এখন কেমন আছেন সাইফ?

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০২:৫৫ পিএম

নিজ বাড়িতে হামলার শিকার হন বলিউড অভিনেতা সাইফ আলি খান। বুধবার মধ্যরাত ২টা ৩০ মিনিটে ছুরিকাঘাতে মারাত্মক আহত হয়ে বর্তমানে ভারতের লীলাবতী হাসপাতালে ভর্তি হন।

হাসপাতাল সূত্রে খবর, আড়াই ঘণ্টা ধরে চলা এই অস্ত্রোপচারে চিকিৎসকেরা অভিনেতার শরীর থেকে ছুরির অংশ বের করেছেন। সাইফের স্নায়ুর অস্ত্রোপচারও সফলভাবে শেষ হয়েছে। পাশাপাশি অভিনেতার ‘কসমেটিক সার্জারি’ সম্পন্ন হয়েছে।

চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পর পর্যবেক্ষণের জন্য আইসিইউতে নেয়া হয়েছে সাইফ আলী খানকে। আগামীকাল সকালে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই দিন পর বাড়িতে নেওয়া হতে পারে সাইফকে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, সাইফের শরীর থেকে প্রায় ২-৩ ইঞ্চির একটি ধারালো বস্তু বের করা হয়েছে। চিকিৎসকেরা মনে করছেন এটা ছুরিরই ভাঙা অংশ। 

লীলাবতী হাসপাতালের পক্ষ থেকে আগেই জানানো হয়, অভিনেতার শরীরে ৬টি ক্ষত রয়েছে। এর মধ্যে দু’টি ক্ষত গভীর বলে জানানো হয়। সাইফ তার শিরদাঁড়ার কাছেও আঘাত পেয়েছেন।

এদিকে বুধবার সাইফের বাড়ির সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখতে গিয়ে মুম্বাই পুলিশ লক্ষ্য করেন যে রাত ২টার আগে অন্তত দু’ঘণ্টার মাঝে অভিনেতার বাড়িতে কেউ ঢুকেনি। এমন পরিস্থিতিতে পুলিশের অনুমান, বাড়ির ভেতরের কেউই পুরো ঘটনার সঙ্গে জড়িত। ইতোমধ্যেই সাইফ আলি খানের বাড়িতে কাজ করা তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

মুম্বাই পুলিশের আরও একটি সূত্র মারফত জানা গেছে, হামলায় অভিযুক্ত সাইফের বাড়িতে কাজ করা এক পরিচারিকার পরিচিত। ওই পরিচারিকার সাহায্যেই সে অভিনেতার বাড়িতে ঢুকেছিল। তবে কীভাবে এবং কখন সে সাইফের বাড়িতে ঢুকল, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সাইফের পাশাপাশি তার বাড়িতে কর্মরত এক পরিচারককেও ছুরি দিয়ে কোপানো হয়েছে। তার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত