১৫ বছর পর শনিবার রাজশাহীতে জামায়াতের কর্মী সমাবেশ

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ০৫:০৮ পিএম

প্রায় ১৫ বছর পর রাজশাহীতে বড় ধরনের কর্মী সম্মেলন আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামীকাল শনিবার (১৮ জানুয়ারি) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে দলটির কর্মী সম্মেলন ঘিরে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান। কর্মী সম্মেলন ঘিরে রাজশাহীর জেলা ও নগরজুড়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জামায়াত। মাদ্রাসা মাঠের পশ্চিম দিকে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে।

রাজশাহীতে জামায়াতের সবশেষ বড় সমাবেশ হয়েছিল ২০১০ সালে এই মাদ্রাসা মাঠেই। এরপর দীর্ঘ সময় কোনো প্রকাশ্য অনুষ্ঠান হয়নি। আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন সভা সমাবেশে সরব স্থানীয় জামায়াত। এবারে কর্মী সম্মেলনে বড় শো ডাউন দিতে যাচ্ছেন তারা। এখানে দলের লক্ষাধিক কর্মী সমাগম হবে বলে আশা করছেন নেতা কর্মীরা। 

দলটির নেতারা জানিয়েছেন, এবারের কর্মী সম্মেলন হবে রাজশাহীর ইতিহাসে সবচেয়ে বড় জমায়েত। সম্মেলন সফল করতে রাজশাহী মহানগর ও জেলায় এক মাস ধরেই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নগরজুড়ে ব্যানার, ফেস্টুন, তোরণ এবং পোস্টার সাঁটানো হয়েছে। মাদ্রাসা মাঠের পশ্চিম দিকে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। শুক্রবার সকালে মাঠের প্রস্তুতিকাজ পরিদর্শন করেছেন জামায়াতের স্থানীয় শীর্ষ নেতারা। সেখানে সেচ্ছাসেবকদের দয়িত্ব বুঝিয়ে দেয়া হয়। 

জামায়াতের কর্মী সম্মেলনের ফেস্টুন-ব্যানারে জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদ ও মীর মুগ্ধ, রাজশাহীর শহীদ আলী রায়হান এবং শহীদ সাকিব আনজুমের ছবি স্থান পেয়েছে। পাশাপাশি আওয়ামী লীগের আমলে ফাঁসি দেওয়া জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, আবদুল কাদের মোল্লা, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী ও অধ্যাপক গোলাম আযমের ছবি ও তাদের ‘বাণী’ঠাঁই পেয়েছে। 

সম্মেলনে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় মিটিং করেছেন জামায়াতের নেতারা। তবে পুলিশের উপরেই ভরসা রেখেছেন তারা এমনটা নয়। শৃঙ্খলা রক্ষায় নিজেদের সেচ্ছাসেবক টিম রেখেছে জামায়াত। 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, সম্মেলন ঘিরে পুলিশের বিশেষ নজরদারি থাকবে। পোশাকধারী এবং সাদা পোশাকের পুলিশ দায়িত্ব পালন করবে। এ ছাড়া সম্মেলন ঘিরে ট্রাফিক ব্যবস্থাপনা ও সুষ্ঠু চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। জামায়াতের নিজস্ব ভলান্টিয়াররাও নিরাপত্তা রক্ষায় সহযোগিতা করবেন।

জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর আমির অধ্যাপক ড. কেরামত আলী জানান, কর্মী সম্মেলন শনিবার সকাল ৯টায় শুরু হবে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আরও বক্তব্য রাখবেন জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণের আমির ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বুলবুলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

শনিবার সকাল ৯টায় মাদ্রাসা মাঠে কর্মী সম্মেলন শুরু হবে। এটি শেষ হওয়ার পর দুপুর ২টায় নাইস কমিউনিটি সেন্টারে মহিলা কর্মী সম্মেলন, বিকাল ৩টায় চিকিৎসকদের নিয়ে সমাবেশ এবং মাগরিবের পর চেম্বার ভবনে ব্যবসায়ী সমাবেশ হওয়ার কথা রয়েছে। এসব কর্মসূচিতে যোগ দেবেন ডা. শফিকুর রহমান।

সম্মেলনের প্রস্তুতি প্রসঙ্গে জামায়াতের মিডিয়া ও প্রচার সম্পাদক আশরাফুল আলম ইমন বলেন, দীর্ঘ সময় কোনো প্রকাশ্য অনুষ্ঠান হয়নি। এবার কর্মী সম্মেলন ঘিরে নেতাকর্মীরা অত্যন্ত উজ্জীবিত। মাদ্রাসা মাঠ ছাড়িয়ে গোটা নগরীই জনসমাবেশে পরিণত হবে। তবে কোথাও মানুষের চলাচলে যাতে বিঘ্ন না ঘটে সেদিকে নজর রাখা হচ্ছে। নেতা কর্মীদের সেই নির্দেশনাও দেয়া হয়েছে। সম্মেলনটি রাজশাহী জেলা নিয়ে হবে। মুলত রাজশাহী মহানগরী ও জেলার নেতা কর্মীরা অংশগ্রহণ করবেন। সম্মেলনে বিভিন্ন উপজেলা থেকে নেতা কর্মীরা এলেও যাতে শহরে যানবাহন চলাচল বা মানুষের চলাচলে কোন অসুবিধা না হয় সেজন্য সম্মেলনে যারা অংশ নিতে আসবেন তাদের যানবাহনগুলো সমাবেশস্থ থেকে খানিকটা দুরে রাখা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত