জামালপুরের সরিষাবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের দায়ের কোপে আতাউর রহমান বিপুল (৪৫) নামে একজন খুন হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় নিহত বিপুলের মা আসমা বেগম (৬০) ও স্ত্রী মুক্তা বেগম (৩৫) আহত হন। এ ঘটনায় ঘাতক আপেল মিয়ার মা আনোয়ারা বেগমকে (৬৫) আটক করেছে পুলিশ।
জানা যায়, তারাকান্দি পশ্চিমপাড়া গ্রামের দুই চাচাতো ভাই বিপুল ও আছাদুজ্জামান আপেল মিয়ার মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার দুপুরে বিপুল খড়ের পালা দিতে গেলে সীমানা নিয়ে আপেলের সঙ্গে তর্ক বাধে। একপর্যায়ে আপেল ধারালো অস্ত্র দিয়ে বিপুলের হাত ও পা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। এ সময় বিপুলকে উদ্ধার করতে তার মা ও স্ত্রী এগিয়ে গেলে তাদেরও কুপিয়ে আহত করে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিপুলকে মৃত ঘোষণা করে।
