সম্প্রতি সৌদি আরবের জেদ্দায় ২০২৫ সালের হজকে কেন্দ্র করে তিন দিনব্যাপী এক ব্যতিক্রমী হজ প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। এই কর্মসূচিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা দুই হাজারেরও বেশি প্রশিক্ষণার্থী হজের প্রতিটি দিক সম্পর্কে জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ পেয়েছেন। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের অধীনে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। এই উদ্যোগটি সৌদি ভিশন ২০৩০-এর সঙ্গে সামঞ্জস্য রেখে গঠিত হয়েছে। এতে জ্ঞান বিনিময়, প্রশিক্ষণ এবং সহযোগিতার মাধ্যমে হজ মৌসুমে হাজিদের জন্য উন্নত সেবা নিশ্চিত করার বিষয়ে কার্যক্রম পরিচালিত হয়। তিন দিনব্যাপী এই আয়োজনের মাধ্যমে হজ ব্যবস্থার বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধির জন্য ৬০ জন প্রশিক্ষক এবং ৪৫টি ওয়ার্কশপ পরিচালনা করা হয়। প্রতিদিন ২০টি ওয়ার্কশপ পাঁচটি সেশনে বিভক্ত হয়ে চারটি হলে অনুষ্ঠিত হয়। প্রতিটি হলে প্রায় ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। সরকারি ও বেসরকারি খাত থেকে আগত প্রশিক্ষকরা হাজিদের সেবা দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম, প্রযুক্তি ও কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেন।
প্রশিক্ষণ কেন্দ্রের সুপারভাইজার আবদুল বারি আস-সালামি বলেন, ‘প্রশিক্ষণ কর্মসূচি এমনভাবে গঠিত হয়েছে, যাতে অংশগ্রহণকারীরা সর্বশেষ নিয়ম ও প্রযুক্তি সম্পর্কে ভালোভাবে জানতে পারেন। এটি হজ ও ওমরাহ মৌসুমে সেবার মানোন্নয়নের জন্য আমাদের অব্যাহত প্রচেষ্টার অংশ।’ প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক আয়াত ফজল বলেন, ‘এই বছরের মূল বিষয় হলো আসন্ন হজ মৌসুম এবং এর নতুন বিষয়াবলি। ওয়ার্কশপগুলো নতুন উদ্ভাবন ও উন্নতি প্রদর্শনের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।’ এ ধরনের উদ্যোগ হজ ব্যবস্থাপনার প্রতিটি ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটি একদিকে যেমন হাজিদের অভিজ্ঞতাকে সহজ ও উন্নত করছে, অন্যদিকে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের কাজের মান উন্নয়নে অনুপ্রাণিত করছে। সৌদি আরবের এই উদ্যোগ বৈশ্বিক পর্যায়ে প্রশংসিত এবং অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।
সূত্র : আরব নিউজ
