ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী বলেছেন, ’৭৪-এ পিতা হত্যা করেছিল গণতন্ত্র আর বিগত সাড়ে ১৫ বছর যাবৎ কন্যা হত্যা করেছে মানবতা। ফ্যাসিবাদের আমলে দেশে অন্ধকার নেমে এসেছিল, মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। শহীদ জিয়া গ্রাম উন্নয়নের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন ঘটাতে চেয়েছিলেন, তার কাজের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বর্তমান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও।
গত শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে শহীদ জিয়ার নীতি ও আদর্শ চর্চার গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভা ও জিয়াসমগ্র গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে ‘শহীদ জিয়া গবেষণা পরিষদ’ কেন্দ্রীয় কমিটি।
সংগঠনের সভাপতি আনিসুর রহমান আনিসের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির গ্রাম সরকারবিষয়ক সহসম্পাদক বেলাল আহমেদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব গাজী তৌহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ও জিয়া গবেষণা পরিষদের পৃষ্ঠপোষক মো. মিজানুর রহমান, দৈনিক পাঞ্জেরীর নির্বাহী সম্পাদক ও কাফরুল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক তালুকদার রুমী, মহিলা দল যুক্তরাজ্য শাখার সদস্য সচিব অঞ্জনা আলম, ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মামুন ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মো. জহির।
