সেনা কর্মকর্তা তানজিম হত্যাকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র 

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ০৭:১৮ পিএম

কক্সবাজারের চকরিয়ায় অভিযানে গিয়ে ছুরিকাঘাতে সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট মো. তানজিম ছারোয়ার নির্জন (২৩) নিহতের ঘটনায় আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে পুলিশ ১৮ জনের সম্পৃক্ততা পেয়েছে। ঘটনার চার মাসের মধ্যে পুলিশ তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে।

রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলা জ্যেষ্ঠ বিচারিক আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী।

চকরিয়া আদালতে কর্মরত পুলিশ পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মো. আনোয়ারুল ইসলাম জানান, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনার তদন্তে পুলিশ ১৮ জনের সম্পৃক্ততা পাওয়ায় তাদের বিরুদ্ধেই তদন্তকারী কর্মকর্তা রবিবার আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন। অভিযোগপত্রে নাম থাকা ১৮ আসামির মধ্যে ১২ জন কারাগারে ও ৬ জন পলাতক রয়েছেন।

কোর্ট ইন্সপেক্টর আরও জানান, সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের ঘটনায় ডাকাতির প্রস্তুতিসহ হত্যা ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছিল। দুই মামলাতেই ১৮ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী জানান, সেনা কর্মকর্তা হত্যায় ১৭ জনের নামে মামলা হলেও সেখান থেকে এই হত্যাকাণ্ডে ৬ জনের সম্পৃক্ততা না পাওয়ায় তাদের বাদ দেওয়া হয়েছে অভিযোগপত্র থেকে। ব্যাপক তদন্তে বের হয়ে আসে এজাহারের বাইরে থাকা আরও ৭ জনের নাম অন্তর্ভুক্ত করে ১৮ জনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতিসহ হত্যা ও অস্ত্র আইনে পৃথক মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়ার মাছ ব্যবসায়ী রেজাউল করিমের বসতবাড়িতে ডাকাত প্রতিরোধ অভিযানে গিয়ে ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন নিহত হন। এ সময় যৌথবাহিনী ঘটনাস্থল থেকে ৩ ডাকাতকে আটক এবং তাদের ফেলে যাওয়া বন্দুক ও ছয়টি গুলি উদ্ধার করে।

লেফটেন্যান্ট তানজিমের বাড়ি টাঙ্গাইল জেলায়। তিনি ৮২তম দীর্ঘমেয়াদি কোর্সে ২০২২ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে আর্মি সার্ভিস কোরে (এএসসি) কমিশন লাভ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত