বিজয় ‘আবেগে ভেঙে পড়ায়’ নেতৃত্বে পরিবর্তন, রাজশাহীর নতুন অধিনায়ক তাসকিন

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০৫:৩১ পিএম

এনামুল হক বিজয়ের কাঁধ থেকে অধিনায়কত্বের ভার সরিয়ে এবার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে দলের সেরা পেসার তাসকিন আহমেদের হাতে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির বাকি অংশে দলকে নেতৃত্ব দেবেন তিনি।  

চলমান আসরে দুর্দান্ত ফর্মে আছেন এনামুল। ৮ ম্যাচে ৩২৪ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে রয়েছেন। সবশেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে মাত্র ৫৭ বলে সেঞ্চুরি হাঁকালেও দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেননি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে তাকে আবেগতাড়িত অবস্থায় দেখা যায়।  

এনামুলের মানসিক চাপ কমিয়ে ব্যাটিংয়ে আরও মনোযোগী করে তোলার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী ম্যানেজমেন্ট। সোমবার বিকেলে রাজশাহী সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, “ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দেওয়ার জন্য এনামুল হক বিজয়ের কাঁধ থেকে অধিনায়কত্বের ভার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্বার রাজশাহী। আমরা এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির বাকি অংশের জন্য নতুন অধিনায়ক হিসেবে তাসকিন আহমেদকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

“এবারের আসরে দুর্দান্ত ফর্মে আছেন এনামুল। ৮ ম্যাচে ৩২৪ রান করে তিনি এখন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। সবশেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরিও এসেছে তার ব্যাট থেকে। ৫৭ বলে ১০০ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি তিনি। ওই ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এনামুলকে রুদ্ধশ্বাস ম্যাচে দলকে জেতাতে না পারায় আবেগে ভেঙে পড়তে দেখা যায়। দুর্বার রাজশাহী ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে, অধিনায়কের ভার থেকে মুক্ত হয়ে তিনি ব্যাটিংয়ে মনোযোগী হন। আমরা মনে করি, এটা তাকে মানসিকভাবে চাঙা রেখে দলকে প্লে অফে তুলতে সাহায্য করবে।”

এবারের আসরে দুর্দান্ত ফর্মে আছেন তাসকিন আহমেদও। ৮ ম্যাচে ১৮ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী এই পেসার। রাজশাহী ম্যানেজমেন্টের আশা, তার নেতৃত্ব মাঠে এবং মাঠের বাইরে দলকে আরও শক্তিশালী করবে।  

দুর্বার রাজশাহীর লক্ষ্য প্লে-অফে জায়গা করে নেওয়া এবং শিরোপা দৌড়ে এগিয়ে থাকা। তাসকিনের নেতৃত্ব এবং এনামুলের ফর্ম সেটি অর্জনে বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছে দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত