কুমারখালীতে ভাইকে হত্যা, ভাই-ভাগনেসহ গ্রেপ্তার ৪

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০৬:১১ পিএম

কুষ্টিয়ার কুমারখালীতে ভ্যানচালক মজিবর রহমান শেখ (৬২) হত্যা মামলায় ছোট ভাই, ভাইয়ের বউ, ভাগ্নেসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) দুপুর ২ টার দিকে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।

এর আগে রোববার (১৯ জানুয়ারি) গভীর রাতে উপজেলার পান্টি ইউনিয়নের দক্ষিণ মূলগ্রাম থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়। নিহত মজিবর রহমান শেখ উপজেলার পান্টি ইউনিয়নের দক্ষিণ মুলগ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

গ্রেফতারকৃতরা হলেন - মজিবরের ছোট ভাই মজনু শেখ (৫৫) ও তার স্ত্রী সায়েরা খাতুন (৪৫), ভাগ্নে অমিত হাসান (৩৬) ও চাচা নাসির শেখ (৪৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বসতবাড়ির জমি এবং ২৫ হাজার পাওনা টাকার জেরে ২০২৪ সালের ১ নভেম্বর ভ্যানচালক মজিবর রহমানকে মারপিট করে রক্তাক্ত জখম করেন তার ভাই, ভাবিসহ স্বজনরা। এ ঘটনায় আহত হয়ে তিনি ৩ নভেম্বর পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থেকে নিজ বাড়িতে চলে যান। বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ১২ নভেম্বর মারা যান। এ ঘটনায় ১৩ নভেম্বর মজিবরের স্ত্রী শরিফা খাতুন বাদী হয়ে পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার বাদী শরিফা খাতুন বলেন, বসতবাড়ির জমি ও পাওনা টাকার জেরে স্বামীকে হত্যা করেছে নিকটতম আত্মীয়রা। সুষ্ঠ বিচারের আশায় থানায় মামলা করেছি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, একটি হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আসামি ও বাদী একে অপরের নিকট আত্মীয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত