মনিরামপুরে সাংবাদিকের ওপর সন্ত্রাসীর হামলা

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০৯:৩৩ পিএম

যশোরের মনিরামপুরে দৈনিক গ্রামের কাগজের প্রতিনিধি ও প্রেসক্লাবের আইসিটি বিষয়ক সম্পাদক তাজাম্মুল হোসাইনের ওপর সন্ত্রাসী হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা সাংবাদিক তাজাম্মুলকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করে। এ ঘটনা জানাজানি হলে সাংবাদিক মহলসহ এলাকাবাসীর মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। পুলিশের এক সময়ের কথিত সোর্স বুলবুল আহমেদ বুলির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ইতিপূর্বে দৈনিক গ্রামের কাগজসহ বেশ কয়েকটি দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনার জের ধরে সাংবাদিক তাজাম্মুল হোসাইনের ওপর এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় বুলবুল আহমেদ বুলির বিরুদ্ধে মামলার করা হয়েছে।

জানা যায়, উপজেলার পাড়িয়ালি গ্রামের বুলবুল আহমেদ বুলি ইতিপূর্বে ভাড়ায় মোটরসাইকেল চালানোর পাশাপাশি পুলিশের কথিত সোর্স হিসেবে কাজ করত। এ ছাড়া সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যে্যর দুর্সম্পর্কের ভাগনে পলাশ কুশরির সাথে মিলেমিশে পুলিশসহ বিভিন্ন দপ্তরে চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। রাতারাতি মোটরসাইকেল চালক থেকে বনে যান অঢেল সম্পত্তির মালিক। পৌর শহরের দূর্গাপুর এলাকায় তার রয়েছে চারতলা বিশিষ্ট দুইটি ফ্ল্যাট বাড়ি। সম্প্রতি যশোরের ডিবি পুলিশ অভিযান চালিয়ে জাল সার্টিফিকেট, চেকবই, সিল এবং নগদ টাকাসহ আটক করে বুলি ও পলাশ কুশরিকে। এ ঘটনায় থানায় মামলা হলে তারা বেশ কয়েকমাস জেল হাজতে থাকে। এ নিয়ে দৈনিক গ্রামের কাগজসহ বিভিন্ন দৈনিকে সচিত্র সংবাদ প্রকাশিত হয়।

সোমবার দুপুর দুইটার দিকে পেশাগত দায়িত্ব পালনের জন্য উপজেলা পরিষদের সামনে যান মনিরামপুর প্রেসক্লাবের আইসিটি বিষয়ক সম্পাদক সাংবাদিক তাজাম্মুল হোসাইন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় বুলবুল আহমেদ বুলি ও তার এক সহযোগী মোটরসাইকেলে করে এসে লোহার রড দিয়ে তাজাম্মুলের ওপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করে। 

হামলার ঘটনা জানতে বুলবুল আহমেদ বুলির মোবাইল ফোনে কল করা হলে তিনি বলেন, আমি এখন যশোরে আছি, পরে দেখা করে বিস্তারিত জানাব।
  
এ হামলার ঘটনায় তাজাম্মুল হোসাইন বাদী হয়ে বুলবুল আহমেদ বুলিসহ দুজনের বিরুদ্ধে মামলা করেছেন। 

মনিরামপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার ইমদাদুল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যে বুলবুল আহমেদ বুলিকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছেন পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত