ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের কোচিং পদ্ধতি ও ড্রেসিংরুম পরিস্থিতি নিয়ে বিতর্কের মধ্যেই তাকে ঘিরে মন্তব্য করেছেন ইংল্যান্ডের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম। ম্যাচ-পূর্ব এক সংবাদ সম্মেলনে ম্যাককালাম গম্ভীরের কোচিং স্টাইলের সঙ্গে নিজের পদ্ধতির তুলনা করে বলেন, তিনি ড্রেসিংরুমে ইতিবাচক পরিবেশ তৈরি করতেই বেশি মনোযোগ দেন।
গৌতম গম্ভীরের অধীনে ভারতের পারফরম্যান্স আশানুরূপ হয়নি। শ্রীলঙ্কার মাটিতে সিরিজ হার, নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ হার এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার-গাভাস্কার ট্রফি হারানোর পর গম্ভীরের কোচিং নিয়ে সমালোচনা বাড়তে থাকে।
শুধু তাই নয়, বিভিন্ন সূত্রে জানা গেছে, ভারতীয় দলের ড্রেসিংরুমের পরিবেশও ভালো নেই। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে গম্ভীরের সম্পর্ক নাকি তিক্ততায় রূপ নিয়েছে। এ ছাড়া ড্রেসিংরুমের গোপন তথ্য ফাঁসের জন্য গম্ভীর সরফরাজ খানকে দোষারোপ করেছেন বলেও গুঞ্জন রয়েছে।
২০ জানুয়ারি ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ম্যাককালাম বলেন, তিনি একজন ঐতিহ্যবাহী কোচের মতো কাজ করতে পছন্দ করেন না। তার পরিবর্তে ড্রেসিংরুমে খেলোয়াড়দের মানসিকভাবে ভালো অবস্থায় রাখতে ইতিবাচক পরিবেশ তৈরি করেন।
তিনি বলেন, "আমি নিজেকে একজন কোচের চেয়ে ড্রেসিংরুমের পরিবেশকে স্বস্তিদায়ক রাখতে পারদর্শী একজন মানুষ হিসেবে ভাবতে পছন্দ করি।"
গম্ভীরের ড্রেসিংরুম পরিস্থিতি নিয়ে বিতর্কের মধ্যে ম্যাককালামের এমন মন্তব্য অনেকের চোখে গম্ভীরের কোচিং পদ্ধতির প্রতি একটি ব্যঙ্গাত্মক ইঙ্গিত হিসেবে ধরা পড়েছে।
ইন্ডিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষণার দিনও কোচ গম্ভীর ও অধিনায়ক রোহিত শর্মার মধ্যে মতবিরোধের খবর পাওয়া গেছে। স্কোয়াড ঘোষণার আগে অধিনায়ক ও কোচের মধ্যে দীর্ঘ আলোচনা চলায় সংবাদ সম্মেলন দুই ঘণ্টা পিছিয়ে যায়।
গম্ভীর নাকি হার্দিক পান্ডিয়াকে সহ-অধিনায়ক হিসেবে চেয়েছিলেন এবং সঞ্জু স্যামসনের অন্তর্ভুক্তির পক্ষে ছিলেন। কিন্তু প্রধান নির্বাচক অজিত আগারকর ও রোহিত শর্মা শুবমান গিলকে সহ-অধিনায়ক হিসেবে বেছে নেন এবং গম্ভীরের প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
তবে এসব গুঞ্জনের মধ্যে রোহিত শর্মা জানিয়েছেন, গম্ভীরের সঙ্গে তার কোনো সমস্যা নেই। ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে ভক্তদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই বলেও তিনি আশ্বস্ত করেছেন।
এক ছাতার নিচে আসবে সব ফুটবল একাডেমি
যে দিনে প্রথমবার ছেলের খেলা দেখতে মাঠে এসেছিলেন শচীনের মা