চোরাই পথে আসা ভারতীয় প্রসাধনী জব্দ, গ্রেপ্তার ১

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১২:৫৭ এএম

রাজধানীর বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আনা বিপুল পরিমাণ কসমেটিকস পণ্য জব্দ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগ। অভিযানের সময় ফিরোজ আলম বাবু (৩৭) নামে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।  গতকাল সোমবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবি তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মিজানুর রহমান এ তথ্য জানান।

মিজানুর রহমান বলেন, ‘বনশ্রীতে ফিরোজের বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়। পাশাপাশি তার বাসার সামনে কসমেটিকস লোড করার সময়ে একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। এসব পণ্য আখাউড়া সীমান্ত দিয়ে চোরাই পথে আনা হয়। যার মধ্যে শরীরের রঙ ফর্সাকারী চার ধরনের পণ্য রয়েছে। এমন প্রসাধনী  পণ্যের সংখ্যা ২৫ হাজারের বেশি; যার আনুমানিক বাজারমূল্য ৪৮ লাখ টাকা।’

এসব পণ্যে আনুমানিক ৬ লাখ টাকা শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে উল্লেখ করে মিজানুর রহমান বলেন, ‘মূলত এ পণ্যগুলো দেশের স্থানীয় বাজারে ও অনলাইনে বিক্রি হতো। এসব পণ্যের গুণগত মান যাচাইয়ের সুযোগ থাকছে না। কারণ এই পণ্যগুলো কোথায় কারা তৈরি করেছে এবং পণ্যের মান যাচাই করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সেই সুযোগ থাকছে না। ফলে গ্রাহকদের ক্ষতি আশঙ্কা থেকে যাচ্ছে।’

বিভিন্ন সময় চোরাই পণ্য জব্দ করা হয়, কিন্তু এর সঙ্গে জড়িত মূলহোতারা আড়ালে থাকছে। হোতাদের গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে ডিসি ফিরোজকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে বলেন, ‘তিনি (ফিরোজ) একটি চক্রের মাধ্যমে স্থলবন্দর এড়িয়ে সীমান্ত দিয়ে এসব পণ্য নিয়ে আসেন। মূলহোতাকে গ্রেপ্তার করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত