লালমনিরহাটে ৪ ইটভাটায় ৫ লাখ ২০ হাজার টাকা জরিমানা, বন্ধের নির্দেশ

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০১:০০ এএম

লালমনিরহাটের আদিতমারীতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই পরিচালিত ৪টি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) দিনব্যাপী উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।

আদিতমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রওজাতুন জান্নাতের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করে পরিবেশ অধিদপ্তর, পুলিশ এবং ফায়ার সার্ভিসের টাস্কফোর্স।

আদিতমারী উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, হাইকোর্টের নির্দেশনা ও জেলা প্রশাসকের আদেশ অনুযায়ী কৃষি জমিতে স্থাপিত এবং লাইসেন্সবিহীন ইটভাটার বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সাপ্টিবাড়ী ইউনিয়নের এল.এম.বি ব্রিকসকে ২ লাখ টাকা, ওয়ান স্টারকে ২ লাখ টাকা, সান টু ব্রিকসকে ১ লাখ টাকা এবং জে আর ব্রিকসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রওজাতুন জান্নাত বলেন, ‘লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র না থাকায় এই ইটভাটাগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। এসব ভাটায় তৈরিকৃত ইট ধ্বংস করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’ 

এই অভিযানের ফলে স্থানীয় এলাকায় পরিবেশ সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি কৃষি জমির সঠিক ব্যবহার নিশ্চিত করার দিকেও নজর দেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত