আ.লীগ মেগা প্রজেক্টের নামে নদী-খাল ভরাট করেছে : রিজভী

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০২:৫৯ এএম

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, ‘৫ আগস্টের আগে যারা যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, তারা বিভিন্ন মেগা প্রজেক্টের নামে নদী-খাল ভরাট করেছে। তারা বৃক্ষ উধাও করে দিয়েছে। স্বৈরাচারের সময় মানুষের মঙ্গলের জন্য ভালো কিছু হতে পারে না।’ গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে নিমগাছ রোপণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন। 

রিজভী বলেন, ‘বৈশ্বিক উষ্ণতার কারণে মানবজাতি এক বিপদের মুখোমুখি হচ্ছে। বৈশ্বিকভাবে সবাই শঙ্কার মধ্যে আছে। বিভিন্ন দেশ আন্তর্জাতিক তহবিল গঠন করে দরিদ্র দেশগুলোকে সহায়তা করছে। এ বিষয়ে তৎপরতা না দেখালে আমরা ভালো ফল পাব না। এটি শুধু রাষ্ট্র বা সরকারের দায়িত্ব নয়। বরং এটি একটি সামাজিক আন্দোলন।’

বিএনপির এই নেতা বলেন, ‘আজ বিশ্ববিদ্যালয়ে উন্মুক্ত প্রাঙ্গণে দাঁড়িয়ে কথা বলছি। এটা যে কত উচ্ছ্বাসের, উল্লাসের আনন্দের। কিন্তু (ফ্যাসিবাদের সময়) আমরা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে যেতে সাহস করতাম না। কখনো যদি যেতাম, তখন গাড়ির জানালাটা তুলে দিতাম। কেউ যেন না দেখে। ফ্যাসিবাদের সময় শেখ হাসিনা এভাবে চারদিক বিপদাপন্ন করে তুলেছিল। আমরা যখন ছাত্ররাজনীতি করেছি, তখন দেখেছি, পৃথিবীর বিভিন্ন দেশে একনায়কতান্ত্রিক শাসনের সময়ও বিশ্ববিদ্যালয়গুলো এক ধরনের করপোরেট স্বায়ত্তশাসন ভোগ করেছে। কিন্তু শেখ হাসিনার সময় সেই চিহ্নটুকুও ছিল না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত