সেনাবাহিনীর সাঁজোয়া কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৪ গতকাল সোমবার বগুড়া সেনানিবাসস্থ আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুলে (এসিসিএন্ডএস) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। সেনাবাহিনী প্রধান আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুলে পৌঁছালে তাকে জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; কর্নেল কমান্ড্যান্ট, সাঁজোয়া কোর: জিওসি ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া ও কমান্ড্যান্ট এসিসিঅ্যান্ডএস অভ্যর্থনা জানান।
সেনাবাহিনী প্রধান সম্মেলনে উপস্থিত সাঁজোয়া কোরের ইউনিটগুলোর অধিনায়করা এবং অন্য কর্মকর্তাদের উদ্দেশে কোরের তথা বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়নকল্পে বিভিন্ন দিকনির্দেশনা দেন। তিনি সাঁজোয়া কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় সাঁজোয়া কোরের অবদানের কথা উল্লেখ করেন। তিনি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য সাঁজোয়া কোরের সব সদস্যের প্রতি আহ্বান জানান এবং প্রত্যেক সদস্য আগামী দিনে দেশ সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করবেন মর্মে আশাবাদ ব্যক্ত করেন। পরে তিনি আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুলে বৃক্ষরোপণ ও অধিনায়কদের সঙ্গে আলোকচিত্রে অংশগ্রহণ করেন। ওই অনুষ্ঠানে জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড: সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, কমান্ড্যান্ট, আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুল: বাংলাদেশ সেনাবাহিনীর সব সাঁজোয়া ব্রিগেডের কমান্ডার; সাঁজোয়া ইউনিটগুলোর অধিনায়করা এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আইএসপিআর
