ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী সংসদ সদস্যসহ ১৬ জনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান আসামিদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনিকে যাত্রাবাড়ী থানার দুটি মামলায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে যাত্রাবাড়ী থানার চারটি ও মোহাম্মদপুর থানার একটি মামলায়, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে যাত্রাবাড়ী থানার ছয়টি, মোহাম্মদপুর থানার দুটি, সূত্রাপুর থানার দুটি এবং খিলগাঁও থানার একটি মামলায়, যাত্রাবাড়ী থানার পাঁচ মামলায়, জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে যাত্রাবাড়ী থানার পাঁচ মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে, যাত্রাবাড়ী থানার সাতটি, মোহাম্মদপুর থানার একটি এবং খিলগাঁও থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে যাত্রাবাড়ী থানার একটি মামলায়, সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে, যাত্রাবাড়ী থানার দুটি এবং সূত্রাপুর থানার একটি মামলায়, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে, নাসা গ্রুপের চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, চৌধুরী জাহাঙ্গীর আলম,সাবেক আইজিপি শহীদুল হক, মো. জুলহাস, সাব্বির আহমেদ স্বপনকে যাত্রাবাড়ী থানার একটি করে মামলায়, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে ও সাবেক কাউন্সিলর জামাল মোস্তফাকে ভাষানটেক থানার একটি ও কাফরুল থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
